প্রকাশ পেল 'দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী'

সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর বাছাইকৃত ৪৬টি গান এবং তাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত ৩০ মিনিটের প্রামাণ্যচিত্র প্রকাশ পেল এক মোড়কে। দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী শিরোনামের এই সংকলনটির মোড়ক উন্মোচন করা হলো গতকাল সন্ধ্যায়। রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সংগীত অঙ্গনের অনেক তারকা। গানগুলো এক মোড়কে আনতে পেরে বেশ খুশি সৈয়দ আব্দুল হাদী। বলেন, ‘আমি এক বছর ধরে গানগুলো বাছাই করছি এবং এর পেছনে কাজ করছি। খুব ইচ্ছে ছিল পছন্দের গানগুলো এক মোড়কে আসুক। আজ সেই আশা পূর্ণ হয়েছে।’
আব্দুল হাদীকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, শাম্মী আখতার, আকরামুল ইসলাম খান, ফাতেমাতুজজোহরা, পরিচালক আমজাদ হোসেন, সুরকার ও গীতিকার আলম খান, শেখ সাদী খান, আলাউদ্দিন আলী, মো. মনিরুজ্জামান, শহীদুল্লাহ ফরায়জি, কবির বকুল এবং নতুন প্রজন্মের বেশ কজন সংগীতশিল্পী। এ ছাড়া চিত্রশিল্পী হাশেম খান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উপস্থিত থেকে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিনাত জাহান।
দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী সংকলনটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, চারটি সিডিতে প্রকাশ পেয়েছে সংকলনটি।