প্রথম সন্ধ্যা ওজ নয় ও তাঁর দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের ছাদে আয়োজিত তিন দিনের জ্যাজ-ব্লুজ উৎসবের প্রথম দিন যুক্তরাষ্ট্রের জ্যাজ শিল্পী ওজ নয় ও তাঁর দলের পরিবেশনা l প্রথম আলো
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের ছাদে আয়োজিত তিন দিনের জ্যাজ-ব্লুজ উৎসবের প্রথম দিন যুক্তরাষ্ট্রের জ্যাজ শিল্পী ওজ নয় ও তাঁর দলের পরিবেশনা l প্রথম আলো

গ্র্যান্ড পিয়ানোর ওপরে ছোটাছুটি করছিল তাঁর ধবধবে আঙুলগুলো। সেই পিয়ানোবাদকের সামনে সাদা একতাড়া কাগজ। তাতে তিনি টুকে এনেছেন যা যা বাজাবেন তার নোট। স্টাফ নোটেশন দেখে বেশ খানিকক্ষণ বাজালেন তিনি। শ্রোতাদের জন্য খানিকটা শিশুতোষ হয়ে গেল কি সেই বাদন? জ্যাজ-ব্লুজ উৎসবে বাজাতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন এই শিল্পী, গ্যারি হাজব্যান্ড। শুধু পিয়ানোই নয়, একা হাতে ড্রামস বাজিয়েও শ্রোতাদের বসিয়ে রাখেন তিনি।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শুরু হয়েছে জ্যাজ–ব্লুজ উৎসব। ব্লুজ কমিউনিকেশনসের আয়োজনে এবারের উৎসবে বাজাতে এসেছেন বেশ কয়েকটি দেশের জনপ্রিয় বেশ কজন শিল্পী। তিন রাতের এ উৎসবে উপভোগ করা যাবে দশটি দলের পরিবেশনা। আয়োজকদের প্রত্যাশা ছিল, অনুষ্ঠানটি একটি মাঠে করার। নানা কারণে হয়ে ওঠেনি। তবে তারকা হোটেলের ছাদে আয়োজনে কোনো কমতি রাখেননি তাঁরা।

সন্ধ্যার খানিকটা পরে মঞ্চে আসেন বাংলাদেশের শিল্পী আরমিন মুসা। তাঁর পরিবেশনার মধ্য দিয়েই উৎসব শুরু হয়। খালি গলায় তিনি গেয়েছেন জ্যাজ স্ট্যান্ডার্ড ‘নিয়ারনেস অব ইউ’ গানটি। নেপথ্যে শুধু গিটার বেজেছে। এ ধরনের উৎসবে এটাই তাঁর প্রথম পরিবেশনা। একে একে তিনি গেয়ে শুনিয়েছেন ‘ফ্রস্ট’, ‘সাইমালটেনিয়াসলি’ ও সিম্পলি রেড ব্যান্ডের ‘হোল্ডিং ব্যাক দ্য ইয়ারস’ গান। আরমিন বাংলা গান গাইবেন না, তা হয় না। গেয়ে শুনিয়েছেন নিজের গান ‘যখন চলে যাও’।

প্রথমবার এমন উৎসবে গাইতে কেমন লেগেছে তাঁর? অনুভূতি জানাতে গিয়ে আরমিন প্রথম আলোকে বললেন, ‘এই প্রথম কোনো মঞ্চে এত বড় গ্র্যান্ড পিয়ানো বাজিয়ে গান করলাম। কী সুন্দর ঘরোয়া পরিবেশ। স্টেজে কখনো যেসব সুবিধা পাওয়া যায় না, এখানে সেসব ছিল। সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার, সেরা সাউন্ড আর কী অপরূপ পরিবেশ!’

প্রথম সন্ধ্যার তৃতীয় পরিবেশনা ছিল ওজ নয় ও তাঁর দলের। নিউইয়র্কের এই গিটারিস্টের হাতের গিটারে বেজে উঠেছিল ব্লুজের মনকাড়া সুর। তাতে মিশে ছিল ফাংক, রক ও চমৎকার রিদম। পরিবেশনার ফাঁকে দলের বন্ধুদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন ওজ। এই দলটির পরিবেশনার মধ্য দিয়ে নড়েচড়ে ওঠেন শীতল বাতাসে প্রায় জমে থাকা শ্রোতারা।

উৎসবস্থলে যথারীতি ছিল ফুড কোর্ট। গত উৎসবেও এসেছিলেন এমন এক শ্রোতা জানালেন, হাঁটাহাঁটির পর্যাপ্ত জায়গা একটু কম হলেও এ আয়োজনটি অন্য রকম হয়েছে।

প্রথম সন্ধ্যার শেষ পরিবেশনাটি ছিল দীপক ও তাঁর দলের। ভারতের বেহালাবাদক দীপক পণ্ডিতের দলে আছেন ড্রামবাদক গিনো ব্যাংকস, যাকে ইন্ডিয়ান ব্লুজের গডফাদার বলা হয়। প্রতিবেদনটি লেখার সময় মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।

আজ সোমবার থাকবে বাংলাদেশের এস এ ডি ট্রায়ো, ডেনমার্কের জ্যাকব ডিনিসেনের পরিবেশনা। যুক্তরাষ্ট্রের প্রয়াত জ্যাজশিল্পী মাইলস ডেভিসকে শ্রদ্ধা জানিয়ে গাইবেন, বাজাবেন তাঁরা।

উৎসবের আয়োজক ব্লুজ কমিউনিকেশনস। সহযোগিতা করছে আইএফআইসি ব্যাংক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রচার সহযোগী চ্যানেল আই, আতিথেয়তা সহযোগী লা মেরিডিয়ান হোটেল ঢাকা। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে।