প্রথমবার মিউজিক ভিডিওতে

‘মায়ায় বেঁধেছ’ গানটি গেয়েছেন পর্না। মিউজিক ভিডিওতে ইমনের সঙ্গে আরেকজন মডেল হয়েছেন সাবেক লাক্স তারকা সাবরিনা রিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনে মডেল—সবই করা হয়েছে। এবার নতুন কাজে অভিষেক হচ্ছে এই চিত্রনায়ক ইমনের। প্রথম গানের ভিডিওতে মডেল হলেন তিনি। ‘মায়ায় বেঁধেছ’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করছেন এই অভিনেতা। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে এ গানের।

জীবনে নানা মাধ্যমে শুটিং করলেও এবারের শুটিং আনন্দ দিয়েছে ইমনকে। বলেন, ‘খুব ভালো লাগছে। অনেক বছর হলো মিডিয়াতে কাজ করছি। অসংখ্য সিনেমার গানে কাজ করেছি, কিন্তু আলাদা করে একটি গানে এভাবে মডেল হিসেবে অভিনয় করিনি।’
গেল বছরের শেষের দিকে মিউজিক ভিডিওতে অভিষেক হওয়ার কথা ছিল ইমনের। টিএম প্রোডাকশনের দুটি গানে ভারতে শুটিং করার কথা ছিল তাঁর। ইমন বলেন, ‘শুটিংয়ে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় ভিসা না হওয়ায় আমি আর যেতে পারিনি। পরে নিরব গিয়েছিল। শেষ পর্যন্ত ভাগ্যে প্রথম গান এটিই ছিল।’

মিউজিক ভিডিওতে ইমনের সঙ্গে আরেকজন মডেল হয়েছেন সাবেক লাক্স তারকা সাবরিনা রিমা

মিউজিক ভিডিওতে প্রথম কাজ করতে এই গান বেছে নিলেন কেন? জানতে চাইলেন ইমন বলেন, ‘মূলত মিউজিক ভিডিওর পরিচালকের কারণে কাজটি করতে রাজি হয়েছি। গানটিও সুন্দর। তা ছাড়া এই পরিচালকের কাজ সম্পর্কে আমার ধারণা আছে। গানটির শুটিং পরিকল্পনাও শুনেছিলাম। সব মিলে দেখলাম, গানটি সিনেমার আদলেই হচ্ছে। রাজি হয়ে গেলাম।’
মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন অনন্য মামুন।

গানটি নিয়ে শুটিং লোকেশন থেকে তিনি বলেন, ‘যেহেতু ইমনের প্রথম কাজ এটি। তা ছাড়া গানটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের আলাদা একটি পরিকল্পনা আছে, এ কারণে বড় বাজেটে, বড় পরিসরেই করছি। ইচ্ছা করলে ঢাকার আশপাশেও শুটিং করা যেত, বাজেট কম লাগত। কিন্তু তা করিনি। কাজটির ভিন্নতার জন্য সুনামগঞ্জ চলে এসেছি।’ গানটিতে ইমনের সঙ্গে আরেকজন মডেল হয়েছেন সাবেক লাক্স তারকা সাবরিনা রিমা।

ইমন ও সাবরিনা রিমা

‘মায়ায় বেঁধেছ’ গানটি গেয়েছেন পর্না। লিখেছেন জাহিদ আকবর, সুর-সংগীত করেছেন ভারতের দোলন মৈনাক। পরিচালক জানান, গানটির ভিডিও ক্রিয়েটিভ ভিশন মিডিয়া থেকে প্রকাশিত হওয়ার কথা।