প্রধানমন্ত্রীর জন্মদিন, গাইবেন একঝাঁক তরুণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশনে গান শোনাবেন একঝাঁক তরুণ। টেলিভিশন দর্শকদের জন্য এদিন রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিশেষ তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র, আলেখ্য ও আলোচনা অনুষ্ঠান। পাশাপাশি রয়েছে গণতন্ত্র, তারুণ্য, উন্নয়ন ও সাফল্য নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান।
সন্ধ্যা সাতটায় আবু তৌহিদের প্রযোজনায় বিশেষ সংগীতানুষ্ঠানে গাইবেন আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, কোনাল, রাজিব, প্রিয়াংকা গোপ, চম্পা বনিক, স্বরলিপি, শান সায়েক, রেহান রাসুল, তাহসিন রেজা, অপু আমান, মেহরাব, গামছা পলাশ, প্রিয়াংকা গোপ ও বিন্দু কনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেত্রী তানভীন সুইটি। রাত সাড়ে আটটায় রয়েছে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান, নয়টায় বিশেষ আলেখ্যানুষ্ঠান।
এদিন বিটিভির আয়োজনে রয়েছে তথ্যচিত্র ‘কোটি প্রাণের ভালোবাসায় শেখ হাসিনা’, নায়ক ফেরদৌস আহমেদের উপস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘তারুণ্যের চোখে শেখ হাসিনা’, আলোচনা অনুষ্ঠান ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্ন সারথি’।