প্রাণবন্ত এক সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গান শুরুর আগে শিল্পী এবং অতিথিরা
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গান শুরুর আগে শিল্পী এবং অতিথিরা

এক মঞ্চে রবীন্দ্র, নজরুল, লালনের পাশাপাশি লোক ও গণসংগীত নানা আঙ্গিকের গান গেয়ে প্রাণবন্ত সংগীতসন্ধ্যা উপহার দিলেন সুরাইয়া পারভীন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সংগীতবিষয়ক সম্পাদকের এ সংগীতসন্ধ্যা।

উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সুরাইয়া পারভীনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন উদীচীর সভাপতি কামাল লোহানী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার, উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশসহ বিশিষ্টজনেরা। এরপর সুরাইয়া পারভীনের জীবনী পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
এরপর শুরু হয় সুরাইয়া পারভীনের একক পরিবেশনা। এতে জনপ্রিয়, প্রচলিত এবং অপ্রচলিত মিলিয়ে একে একে ২০টি ভিন্ন স্বাদের গান পরিবেশন করেন সুরাইয়া পারভীন। গানগুলোর মধ্যে ছিল ‘মোরা সত্যের পরে মন করিব সমর্পণ’, ‘যখন একা থাকি দিশেহারা বড় অসহায় লাগে’, ‘চিরদিন কাহারো সমান নাহি যায়’, ‘গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা’, ‘জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘গেরে গাঙ্গেরও ক্ষ্যাপা, ‘চল বু বাইজান মাডি কাডা চাইয়া রইলি কার পানে’, ‘মানবো না এ বন্ধনে না, মানবো না এ শৃঙ্খলে’, ‘হাতুড়িতে পিটাও লোহা মাকুতে দাও টান’, ‘বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত ক্যানে বান্ধাইলি, ’ ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’, ইত্যাদি গান। অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে মহান ভাষা আন্দোলনের পরিচায়ক ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি’ গানটি গেয়ে শোনান সুরাইয়া পারভীনের মেয়ে ও উদীচীর সংগীত দলের অন্যতম সদস্য ঊর্বি।