প্রিন্স মাহমুদের সুরে আবারও তুহিন
প্রিন্স মাহমুদের সুরে ‘আলো’ গানটি গেয়ে সাড়া ফেলেছিলেন তানজির তুহিন। সেটি গত বছরের কথা। এ বছর আবারও সুরকারের আরেকটি গান কণ্ঠে তুলে নিলেন এই শিল্পী। ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া নতুন সেই গান হচ্ছে ‘অনাগত’। গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
প্রিন্স মাহমুদ বলেন, ‘গত বছর আমার কথা ও সুরে তুহিনের গাওয়া “আলো” গানটি সাড়া ফেলে। তখনই সিদ্ধান্ত নিই, তুহিনের কণ্ঠে আরও কিছু গান করব। নতুন গানের সুরটাও তাঁর কণ্ঠে চমৎকার মানিয়ে গেছে। কিছু গান তৈরি করার সময় বোঝা যায় কোন দিকে যাচ্ছে। গানটা অনেকের পছন্দের তালিকায় থাকবে আমি নিশ্চিত।’ এর আগে ফেসবুকে এক তরুণের গিটার বাজানোর ভিডিও পোস্ট করেন প্রিন্স মাহমুদ। সেই সূত্রে যোগাযোগ করা হলে নতুন গানের খবর জানান প্রিন্স মাহমুদ। তিনি বলেন, ‘ওর নাম আহনাফ খান। নতুন এই গানে দারুণ গিটার বাজিয়েছে সে।’
করোনাকালের ভয়াবহ উপলব্ধি নিয়ে প্রিন্স মাহমুদ লিখেছিলেন ‘আলো’ গানটি। মৃত্যুভয় ও শঙ্কা নিয়ে লেখা সেই গান ২০২০ সালের অক্টোবর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়া হলে প্রশংসা কুড়ান এই সুরকার। প্রায় দেড় বছর পর বাঁধা নতুন সেই গান প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছিলেন তিনি। তারপরই তুহিনের কণ্ঠে আরও বেশ কিছু গান করার সিদ্ধান্ত নেন তিনি। ১৯৯৪ সাল থেকে প্রায় প্রতি বছরই তাঁর সুরে অ্যালবাম বা একক গান প্রকাশিত হয়ে আসছে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়েব সিরিজ বলির ট্রেলার। সিরিজের টাইটেল গানটিতে কণ্ঠ দিয়েছেন আভাস ব্যান্ডের ভোকাল তানজির তুহিন। ট্রেলারের পাশাপাশি সেই গানও প্রশংসিত হয়েছে।