প্রিয় খাবার 'ধাক্কা'!

নতুন বছরটা কীভাবে উদ্যাপন করেছেন আপনি? বিশেষ আয়োজন, বিশেষ খাবার? আপনার খাবারের তালিকায় যা-ই থাকুক, ব্রিটনি স্পিয়ার্স নতুন বছরকে স্বাগত জানিয়েছেন এমন কিছু খেয়ে, যেটা হয়তো কেউ খেতে চাইবেন না। ব্রিটনি যে খেয়েছেন ধাক্কা!

৩৪ বছর বয়সী এই সংগীত তারকা একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ব্রিটনির কপালে আঘাতের চিহ্ন। ব্রিটনি লিখেছেন, ‘স্বাগত ২০১৬-এর প্রথম সকাল! আমার কপালের ছোট্ট আঘাতটি নিয়ে ভাবিত হবেন না...একটা খুঁটিতে গিয়ে ধাক্কা খেয়েছি।’
স্বর্ণকেশী ব্রিটনির পরনে কালো চামড়ার জ্যাকেট। ঠোঁটে গোলাপি আভা ছড়ানো লিপস্টিক। চোখে গাঢ় মাসকারা। ঝুঁটি বাঁধা চুল। তবে সব ছাপিয়ে তাঁর কপালের আঘাতের চিহ্নটাই চোখে পড়ছে বেশি করে। অবশ্য ধাক্কা খাওয়া ব্রিটনির জন্য নতুন কিছু নয়। গত এপ্রিলে লাস ভেগাসে কনসার্ট করার সময় হোঁচট খেয়েছিলেন তিনি। পা মচকে গিয়েছিল তাঁর। অবশ্য ব্রিটনি বলতে পারেন, ‘আসল ধাক্কা তো খেয়েছি প্রেম করতে গিয়ে।’ আইএএনএস।