প্রিয় গানটি শোনালেন মীরা

মীরা মণ্ডলের প্রিয় ‘এসো এসো আমার ঘরে এসো’ গানটি তাঁর প্রথম অ্যালবামে নেই। পরের অ্যালবামে অবশ্যই এ গানটি রাখবেন তিনি। প্রথম একক অ্যালবামের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রিয় সেই গানটি গেয়ে শোনালেন মীরা।
গতকাল রোববার বিকেলে রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় মোড়ক খোলা হলো মীরা মণ্ডলের গাওয়া রবীন্দ্রসংগীতের প্রথম একক অ্যালবাম ‘অনেক কথা বলেছিলাম’। তাঁর ভীষণ ইচ্ছে ছিল, প্রথম অ্যালবামের মোড়ক খুলবেন তাঁর শ্রদ্ধেয় আনিস স্যার। শিল্পীর ইচ্ছে পূর্ণ হলো—অ্যালবামটির মোড়ক খুললেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সঙ্গে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ, আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। তাঁদের শুভকামনায় সিক্ত হয়েছেন শিল্পী মীরা।
মীরার গানগুলো আগেই শুনে নিয়েছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। মোড়ক খোলার অনুষ্ঠানে বললেন, ‘অকপটে স্বীকার করতে চাই, মীরার গানগুলো ভালো লেগেছে। আমি চাই, এই অ্যালবাম বিস্তার লাভ করুক এবং আমার বিশ্বাস, গানগুলো সবার ভালো লাগবে।’ সাদি মহম্মদ বিস্ময় নিয়ে বলেন, ‘মীরা অ্যালবাম করতে বড্ড দেরি করে ফেলল! তা–ও এ অ্যালবামে বেশি গান নেই। অন্তত ২০টি গান যদি থাকত, তাহলে রবীন্দ্রনাথের প্রেম, পূজা, প্রকৃতি ছাড়াও সব কটি পর্বের গানই রাখা যেত।’
জি সিরিজ থেকে প্রকাশিত এ অ্যালবামে রয়েছে নয়টি গান। মোড়ক খোলার আয়োজনে অ্যালবাম থেকে বেশ কয়েকটি গান গেয়ে শোনান মীরা মণ্ডল। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায়।