প্রিয়াঙ্কা গোপের 'চাঁদ জানালা'

শাস্ত্রীয় সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপকে ইদানীং আধুনিক গানেও পাওয়া যাচ্ছে। কয়েকজন সুরকার ও সংগীত পরিচালক এরই মধ্যে তাঁকে দিয়ে বেশ কয়েকটি আধুনিক গান করিয়েছেন। এবার সেই প্রিয়াঙ্কা আধুনিক গানের পূর্ণাঙ্গ একটি অ্যালবাম নিয়ে আসছেন। নাম ‘চাঁদ জানালা’।
নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে শাস্ত্রীয় সংগীতের কারণে আলাদা একটা পরিচিতি আছে প্রিয়াঙ্কা গোপের। ২০১১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুরে সুরে দেখা হবে’। এর ঠিক দুই বছর পর ‘রাগা ডিলাইটস’ নামে আরেকটি গানের অ্যালবাম প্রকাশ করেন তিনি। এই অ্যালবামের জন্য প্রিয়াঙ্কা ২৭ মে অনুষ্ঠিত হওয়া সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে উচ্চাঙ্গ সংগীত বিভাগে সেরা গায়িকার পুরস্কার অর্জন করেছেন। ‘চাঁদ জানালা’ প্রিয়াঙ্কার তিন নম্বর একক অ্যালবাম।
‘চাঁদ জানালা’ অ্যালবামের গানের কথাগুলো হচ্ছে ‘যদি এমন করো’, ‘চাঁদ জানালা’, ‘নব মল্লিকা’, ‘ঘুম নয় ধ্যান নয়’, ‘যার কথা গল্পে’, ‘ভোরের সমুদ্র’, ‘আকাশের সব আলো’, ‘ও চাঁদ তোমার’, ‘দুর থেকে দেখা’ ও ‘মনে পড়ে’।
প্রিয়াঙ্কা গোপ জানান, আগামী ৩ জুন ঢাকার একটি রেস্তোরাঁয় ‘চাঁদ জানালা’ অ্যালবামের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। জি সিরিজের ব্যানারে প্রকাশিত হতে যাওয়া আধুনিক গানের এই অ্যালবামে মোট গান রয়েছে দশটি।
‘চাঁদ জানালা’য় প্রিয়াঙ্কার গাওয়া গানগুলোর কথা লিখেছেন স্যামুয়েল হক আর সুর করছেন ফয়সাল আহমেদ।
শনিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আমাকে আধুনিক গানের একটি অ্যালবাম করার প্রস্তাব দেওয়া হয়। মূলত তাদের আগ্রহে এমন একটি কাজ করলাম। অনেকগুলো গান থেকে বাছাই করে ফাইনালি দশটি গানে কণ্ঠ দিই। আমি খুবই রোমাঞ্চিত এই অ্যালবামটি নিয়ে।’
মঞ্চের অনুষ্ঠান আর অ্যালবামের গানের বাইরে তিনটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ। চলচ্চিত্র তিনটি হচ্ছে আকরাম খানের ‘ঘাসফুল’, মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ও মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’।