প্রীতমের 'ম্যাডভেঞ্চার'

>
- বান্দরবানের পাহাড়ি গ্রামে চষে বেড়াচ্ছেন রেদওয়ান রনি।
- সঙ্গে তাঁর পুরো দল আর কয়েকজন অভিনয়শিল্পী।
- ভালোবাসা দিবস উপলক্ষে রনি নির্মাণ করছেন নাটক ‘ম্যাডভেঞ্চার’।
বান্দরবানের পাহাড় আর পাহাড়ি গ্রামে চষে বেড়াচ্ছেন নির্মাতা রেদওয়ান রনি। সঙ্গে তাঁর পুরো দল আর বেশ কয়েকজন অভিনয়শিল্পী। ভালোবাসা দিবস উপলক্ষে রনি নির্মাণ করছেন নাটক ‘ম্যাডভেঞ্চার’। এই নাটকে প্রথমবারের মতো অভিনয় করছেন তরুণ গায়ক প্রীতম হাসান।
টানা চার দিন ধরে চলছে শুটিং। চলবে আজও। গতকাল শনিবার বান্দরবান থেকে এই নির্মাতা বলেন, ‘প্রায় চার বছর পর মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল আবার ভালোবাসা দিবসের নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে। বিগত নাটকগুলোর মতো এবারের নাটকও বেশ সমাদৃত হবে আশা করছি।’
‘ম্যাডভেঞ্চার’ নাটকে আরও অভিনয় করছেন মিশু সাব্বির, অ্যালেন শুভ্র, হৃদি শেখ, জারা, মাহারিয়া আজমেরী ও অর্পণ। নিজের মিউজিক ভিডিওতে ক্যামেরার সামনে টুকটাক অভিনয় করার অভিজ্ঞতা থাকলেও পুরো নাটকে এবারই প্রথম অভিনয় করছেন প্রীতম। বান্দরবান থেকে মুঠোফোনে উচ্ছ্বসিত প্রীতম বললেন, ‘এটা একটা দারুণ অভিজ্ঞতা। আগে কয়েকটি দৃশ্যে অভিনয় করেছি। কিন্তু পুরো নাটক! সত্যি কঠিন কাজ। তবে ভালো লাগছে।’
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানালেন, ভালোবাসা আর বন্ধুত্বের গল্প ম্যাডভেঞ্চার। নাটকে দেখা যাবে, একদল তরুণ-তরুণী ঘুরতে যাচ্ছে বান্দরবানের পাহাড়ি গ্রামে। কিন্তু একে অপরের সঙ্গে কখনো দেখা হয়নি। যাত্রার শুরু থেকেই ঘটতে থাকে নানা মজার ঘটনা। এ যাত্রায় এক বিশেষ ঘটনার মধ্য দিয়ে প্রত্যেকে নিজেকে নতুন করে আবিষ্কার করে।
‘ম্যাডভেঞ্চার’ আপাতত কোনো চ্যানেলে নয়, দেখা যাবে অনলাইন ভিডিও দেখার সাইট রবি আইফ্লিক্সে।