>ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় গান করেন ভারতের খ্যাতিমান শিল্পী কৈলাস খের। ব্যতিক্রম গায়কির কারণে গত এক দশক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিশেষ করে বলিউডের ছবিগুলোতে গাওয়া তাঁর বেশির ভাগ গানই জনপ্রিয়তা পেয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই শিল্পী। আড্ডায় ছিলেন রাসেল মাহমুদ।

আপনার ওয়েবসাইটের হোম পেজে গানটা নতুন?
ইশক আনোখা আমার নতুন অ্যালবাম, মার্চে আসছে। সেটার প্রচারণার জন্যই এ বছর ওয়ার্ল্ড ট্যুর করেছি।
শ্রোতারা এখন শুধু সিনেমার নাম মনে রাখেন। কোনো গান ভালো লাগলে বলেন, এটা অমুক ছবির গান। আপনার বেশ কিছু গানের কথা মানুষ জানে যে এটা কৈলাস খেরের গান। কীভাবে?
আমার ব্যাপারটা একটু ভিন্ন। সিনেমা, অ্যালবাম, টিভি বা জিঙ্গেল—যেখানেই গাই, সুপারহিট হয়। অ্যালবামের অনেক গান আছে সিনেমার গানের থেকেও হিট। আমার মাত্র ১১ বছরের ক্যারিয়ার, ৪০ বছর ক্যারিয়ারের শিল্পীরাও আমাকে স্নেহ করেন। এর সবই ঈশ্বরের কৃপা। সে জন্যই ব্যতিক্রম কণ্ঠ, গায়কি, ব্যক্তিত্ব, বিশ্বাস—অনেক ব্যতিক্রম মিলেই এই ‘আমি’ হয়ে উঠতে পেরেছি।
বলিউডে আপনার কণ্ঠ ও ঘরানার গান আবশ্যক হয়ে পড়েছে। এমনকি লোকগানকে গুরুত্বপূর্ণ করেও তুলেছেন। কীভাবে?
আমি ব্রাহ্মণের ছেলে। বাবা পূজারি ছিলেন। বহু পীর, ফকির, দার্শনিকের সাক্ষাৎ পেয়েছি। তাঁদের জেনেছি ও দার্শনিকভাবে সমৃদ্ধ হয়েছি। ছোটবেলা থেকে গান করি, গানটা রয়ে গেছে। সিনেমায় গেয়ে তারকা হব—এমনটা কখনো ভাবিনি। ‘তোমার গোলাপি গাল, লাল ঠোঁট...’ টাইপের হালকা গান করা আমার কাজ নয়। আমার একটা বৈরাগী মন আছে। ভেতরকার প্রেমটাকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সবকিছুর ভেতরে অবস্থান করি। ভেতরে প্রেম থাকলে কোনো কিছুই আর অধরা থাকে না।
কোন দেশের লোকসংগীত আপনাকে টানে?
দেশ, সীমানা, সংস্কৃতি—এগুলো অনেক পরের ব্যাপার। প্রেমই সব। প্রেম থাকলে আপনি নিজেই ভাষা, সংস্কৃতি তৈরি করতে পারবেন। ‘জান’, ‘বেবি’—এগুলো তো প্রেমিকের নিজস্ব ভাষা। কোনো দেশ, সীমানা বা সংস্কৃতির নয়।
এখানে আগেও গেয়েছেন। বাংলাদেশের শিল্পী-দর্শকদের সম্পর্কে আপনার কী ধারণা?
এখানকার শিল্পী ও শ্রোতারা সংগীতের গুণগ্রাহী। এই মাটিতে অনেক পীর, ফকির, সাধু, বাউল তপস্যা করেছেন। সে জন্য এখানকার মানুষের হৃদয় মমতায় ভরা। এটা লালন, নজরুলের ভূমি। আরও অনেকে আছেন, যাঁদের নাম রাজশাহী বা চট্টগ্রামের মানুষেরা জানেন। তাঁদের অবদানও অনেক।
