প্রেমের গান নিয়ে বিরক্ত তাহসান

ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য তাহসানের। শুরুতে বাংলাদেশের শ্রোতারা তাঁকে চিনেছেন ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে। এই ব্যান্ডের পাশাপাশি এককভাবেও গান করেছেন তিনি। তাহসানের গাওয়া বেশির ভাগ গানই ‘প্রেমের গান’। আর শ্রোতারাও তাঁর গাওয়া প্রেমের গানগুলোকে দারুণভাবে গ্রহণ করেছেন। কিন্তু প্রেমের গানের জনপ্রিয় এই সংগীতশিল্পী এখন প্রেমের গান নিয়েই বিরক্ত। আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে প্রেমের গান নিয়ে তাঁর বিরক্তির কথা জানিয়েছেন জনপ্রিয় এই গায়ক ও সংগীতপরিচালক।
তাহসান বলেন, ‘অনেক বছর ধরেই গান গেয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে আমি যত গান গেয়েছি বেশির ভাগ গানই প্রেমের গান। শ্রোতারাও আমার কাছ থেকে এই ধরনের গানই বেশি প্রত্যাশা করেন। শ্রোতাদের কথা ভেবে আমিও এত দিন প্রেমের গানই গেয়ে এসেছি। কিন্তু প্রেমের গান গাইতে গাইতে আমি এখন বিরক্ত। আমাকে এও শুনতে হয়, শ্রোতাদের কাছে নাকি আমার ‘লাভার বয়’ ইমেজ তৈরি হয়ে গেছে— যা আমি ভাঙতে চাই। তাই নিজের গানের ধরনটা বদলানোর পাশাপাশি ভাঙতে চাই ‘লাভার বয়’ ইমেজটিও। সেই মিশন এরই মধ্যে শুরুও করে দিয়েছি।’
কীভাবে শুরু হয়েছে? তাহসান জানালেন, সপ্তাহ দু-এক হলো, আমি রেডিও ফুর্তিতে একটি অনুষ্ঠান করছি। ‘৫২ শেডস অব তাহসান’ নামের এ অনুষ্ঠানে আমি শ্রোতাদের অন্য ধরনের গান শোনাচ্ছি। প্রথম সপ্তাহে ডাব স্টেপস সম্পর্কে ধারণা দিয়েছি। ভবিষ্যতে প্রেমের গান আর করব না বলেই শ্রোতাদেরও অন্য ধরনের গান শোনাচ্ছি। আমার কাছ থেকে এ ধরনের পরিবর্তন শ্রোতারা সহজে নিতে না পারলেও; আশা করছি, সামনে এ বিষয়টার সঙ্গে আমার শ্রোতারা মানিয়ে নিতে পারবেন।’
কোরবানির ঈদের আগে মাকে নিয়ে হজে গিয়েছিলেন তাহসান। দেশে ফিরে অনেক দিন পর্যন্ত কাজ থেকে দূরে ছিলেন। ইদানীং আবার কাজে মনোযোগী হয়েছেন এই শিল্পী।
তাহসান বলেন, ‘এখন তো কনসার্টের মৌসুম চলছে। এরই মধ্যে চট্টগ্রাম ও সিলেটে দুটি অনুষ্ঠানে গান করেছি। কাল সোমবার আবারও গান গাইতে চট্টগ্রামে যাব।’