প্রেমের গানে 'না'!

তাহসানের গাওয়া বেশির ভাগ গানই ‘প্রেমের’। ‘ঈর্ষা’, ‘প্রেমাতাল’ কিংবা হালের ‘ছুঁয়ে দিলে মন’ শ্রোতারা তাঁর গাওয়া প্রেমের গানগুলোকে দারুণভাবে গ্রহণ করেছেন। কিন্তু তাহসান এখন তাঁর এসব প্রেমের গান নিয়েই বিরক্ত। প্রথম আলোর সঙ্গে আলাপে প্রেমের গান নিয়ে তাঁর বিরক্তির কথা জানিয়েছেন আলোচিত এই গায়ক ও সংগীত পরিচালক। বলেছেন, ‘অনেক বছর ধরেই গান গেয়ে যাচ্ছি, এরমধ্যে বেশির ভাগই প্রেমের গান। শ্রোতারা আমার কাছ থেকে এ ধরনের গানই বেশি প্রত্যাশা করেন। শ্রোতাদের কথা ভেবে আমিও এত দিন প্রেমের গান গেয়ে এসেছি। তবে এখন আমি বিরক্ত। আমি এও জানতে পেরেছি, শ্রোতাদের কাছে নাকি আমার “লাভার বয়” ইমেজ তৈরি হয়ে গেছে, যা আমি ভাঙতে চাই।’
শ্রোতাদের ধারণা কীভাবে ভাঙবেন তাহসান? জানতে চাইলে তিনি বলেন, ‘নিজের গানের ধরনটা বদলানোর পাশাপাশি আমার “লাভার বয়” ইমেজটিও বদলাচ্ছি ধীরে ধীরে। সপ্তাহ দুয়েক হলো একটি রেডিও স্টেশনে “ফিফটিটু শেডস অব তাহসান” নামে একটি অনুষ্ঠান করছি। এতে আমি শ্রোতাদের শোনাচ্ছি অন্য ধরনের গান। ভবিষ্যতে প্রেমের গান আর করব না বলেই শ্রোতাদের আমার গতানুগতিক ধারার বাইরের গানগুলো শোনাচ্ছি। এ ধরনের পরিবর্তন শ্রোতারা সহজে নিতে না পারলেও আশা করছি, সামনে এ বিষয়টির সঙ্গে আমার শ্রোতারা মানিয়ে নিতে পারবেন।’
মাঝে বেশ কয়েক মাস তাহসান গান ও অভিনয় থেকে দূরে ছিলেন। কনসার্টের মধ্য দিয়ে গান নিয়ে আবারও ব্যস্ততা বেড়েছে তাঁর। গতকাল সোমবার তিনি অংশ নেন চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত কনসার্টে। তা ছাড়া গানের পাশাপাশি আবার অভিনয় নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছেন তাহসান। জানালেন, ভালোবাসা দিবসে প্রচারের জন্য তৈরি নাটকে অভিনয়ের ব্যাপারে কথা চলছে তাঁর।