প্রেমের বার্তায় ভাসলেন অ্যাডেল

অন্য কনসার্টগুলোর মতোই গাইছিলেন অ্যাডেল। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের নাসভিলের কনসার্টে বরাবরের মতোই গান শুনছিল হাজারো মানুষ। অ্যাডেলের ওপর হঠাৎ বৃষ্টির মতো ঝরতে শুরু করল গোলাপি কাগজের টুকরো। প্রতিটি কাগজে লেখা প্রেমের বার্তা।
গত সোমবার যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের নাসভিলে চলছিল অ্যাডেলের কনসার্ট। শিল্পীকে চমকে দিতে অভিনব এক উপায় উদ্ভাবন করলেন প্রেমিক সাইমন কোনেকি। একটি গানের শেষের দিকে হঠাৎ বৃষ্টির মতো মঞ্চে ঝরতে শুরু করল নানা রঙের কাগজ। সেগুলোয় লেখা ‘তোমাকে ভালোবাসি’, ‘তুমি এক পরি’ ও ‘হ্যাপি অ্যানিভার্সারি’র মতো উষ্ণ খুদে প্রেমবার্তা। পাঁচ বছর একসঙ্গে তাঁরা। পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতেই এই ব্যতিক্রম উদ্যোগ।

শুরুতে অ্যাডেল ভেবেছিলেন, সব কনসার্টেই তো শিল্পীর ওপর এমন রঙিন কাগজ উড়িয়ে দেওয়া হয়। সেগুলোর ভেতরে কখনো কখনো গানের গীতিকবিতাগুলোও থাকে। কিন্তু অ্যাডেলের প্রেমিক সাইমন কোনেকি গোলাপি রঙের কাগজে লিখে দিয়েছিলেন প্রেমবার্তা। অনুষ্ঠান শেষ হওয়ার সময় আকস্মিক এ রোমান্টিক ঘটনায় আবেগে আপ্লুত হয়েছেন অ্যাডেল। কনসার্টে উপস্থিত শত শত দর্শকও হলেন আবেগঘন এই ঘটনার সাক্ষী। অ্যাডেল যখন বুঝলেন কাণ্ডটি তাঁর প্রেমিক সাইমনের, মঞ্চে দাঁড়িয়েই তাঁর প্রতি ভালোবাসা জানালেন এই ব্রিটিশ সংগীত তারকা। তিনি বলেছেন, ‘আমার প্রেমিক একজন সত্যিকারের পুরুষ, তাঁর জন্য একবার করতালি হোক।’ ডেইলি মেইল।