প্রয়াত লেখকের সম্মানে গাইবেন তাঁরা

প্রয়াত লেখক এ জেড এম আবদুল আলীর সম্মানে আজ গান করবেন দেশের স্বনামধন্য কয়েকজন শিল্পী। তাঁরা হলেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান, রেজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমান, বুলবুল ইসলাম ও অদিতি মহসিন। আজ শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সদ্যপ্রয়াত কলাম লেখক এ জেড আবদুল আলীর সম্মানে আয়োজন করা হয়েছে একটি স্মরণসভা। সভা শেষে থাকবে সংগীতানুষ্ঠান।
বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আলোচনা করবেন লেখক আবদুল আলীর বেশ কয়েকজন গুণগ্রাহী। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বন্ধু এম এ হান্নান, সাংবাদিক সোহরাব হাসান, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং কবি মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত অর্থ-উপদেষ্টা ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ সম্পাদকমণ্ডলীর সদস্য এ জেড এম আবদুল আলী গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার বাসায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এই লেখকের স্মরণে সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ‘কালি ও কলম’।