ফরাসি সংস্কৃতিকেন্দ্রে সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত দিবসে আলিয়ঁস ফ্রঁসেজের পোস্টার
সংগীত দিবসে আলিয়ঁস ফ্রঁসেজের পোস্টার

বিশ্বসংগীত দিবস উদযাপিত হয় ২১ জুন। এ উপলক্ষে ফ্রান্সে উদ্‌যাপিত হয় সংগীত উৎসব ‘ফেত-দো-লা-মিউজিক’। বাংলাদেশে ফরাসি সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে ঢাকায় এই উৎসব হবে ২১ ও ২২ জুন। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে দুই দিনের এই বিশেষ সংগীত উত্সবে থাকবে বিভিন্ন ঘরানার সংগীত পরিবেশনা।
উৎসবের প্রথম দিন ২১ জুন মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একক, দ্বৈতকণ্ঠে গান শোনানো ছাড়াও যন্ত্রসংগীত পরিবেশন করবে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় ফরাসি ভাষার শিক্ষার্থী ও ইকোল-দো-মিউজিকের শিক্ষার্থীরা। বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় একক ও দলীয় গান ছাড়াও এই দিনে থাকবে পিয়ানো, গিটার ও বেহালার মনোমুগ্ধকর বাদন।
পরদিন ২২ জুন বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গান শোনাবে তরুণদের গানের দল। বেশ কয়েকজন একক শিল্পীর পরিবেশনার পাশাপাশি থাকবে কয়েকটি ব্যান্ড দলের পরিবেশনা। এগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ব্লু লোটাস ত্রিয়ো’, ‘বিউটি বোর্ডিং’, ‘চিত্রপট’ ও ‘মনসরণি’। এ ছাড়া উৎসব চলাকালীন থাকবে মুক্তমঞ্চ পরিবেশনা। ওই সময়ের মধ্যে যে কোনো শিল্পী মঞ্চে নিজের পছন্দের গান গেয়ে শোনাতে পারবেন।
১৯৮২ সাল থেকে ফ্রান্সে শুরু হয় ‘ফেত-দো-লা-মিউজিক’ উদ্‌যাপন। সবার কাছে নানা ধরনের সংগীত পৌঁছে দিতে ১৯৮১ সালে তৎকালীন ফরাসি সংস্কৃতিমন্ত্রী দিনটি পালনের উদ্যোগ নেন। পরে প্রতি বছর ২১ জুন বিশ্বের একশরও বেশি দেশে ‘ফেত-দো-লা-মিউজিক’ উদ্‌যাপিত হয়।