ফাহমিদা নবী রাজনীতির শিকার?
>
- তিনি বেড়ে উঠেছেন গানে গানে।
- বাড়িতে গানের মানুষজনের আনাগোনা থাকত সব সময়।
- মা প্রতিষ্ঠিত শিল্পী না হলেও তিনিও ভালো গাইতেন।
ছোটবেলা থেকেই সংগীতশিল্পী ফাহমিদা নবী গানপাগল। গানের মধ্যেই বড় হয়েছেন। জীবনে শুধু গান গাইতে চেয়েছেন। কিন্তু হঠাৎ গানের জগৎ থেকে দূরে চলে যান। ফিরে এসে আরও দাপট নিয়ে বিচরণ করছেন বাংলাদেশের সংগীতে। গতকাল সোমবার প্রথম আলোর ফেসবুক লাইভ ‘আলাপন’-এ আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। সেখানে তিনি জানালেন দীর্ঘ সময় গান থেকে তাঁর দূরে থাকার কারণ।
‘আলাপন’-এ এসে ফাহমিদা নবী জানান, তিনি বেড়ে উঠেছেন গানে গানে। বাবা প্রখ্যাত সংগীতশিল্পী মাহমুদুন্নবী। তাই বাড়িতে গানের মানুষজনের আনাগোনা থাকত সব সময়। মা প্রতিষ্ঠিত শিল্পী না হলেও, তিনিও ভালো গাইতেন। গান করতেন খালা, মামা—সবাই। ফাহমিদা আর তাঁর ছোট বোন আরেক সংগীতশিল্পী সামিনা চৌধুরীর মধ্যে গানের প্রতি সেই ভালোবাসা ঢুকে গিয়েছিল।
সামিনা চৌধুরী বড় হয়ে চিকিৎসক হতে চাইতেন। আর ফাহমিদা? বললেন, ‘আমি সব সময় শুধু গানই গাইতে চাইতাম।’
পরে অবশ্য দৃশ্যপট পাল্টে যায়। ছোট বোন সামিনা চৌধুরী গান নিয়ে অনেক এগিয়ে গেলেও প্রায় এক যুগ ফাহমিদা নবী গানের জগতে ছিলেন অনুপস্থিত। ফাহমিদার কাছে জানতে চাওয়া হয়, গান থেকে এই দূরে থাকা কি দীর্ঘদিন ভিন দেশে থাকার ফল? তিনি বললেন, ‘শুধু বিদেশে থাকার জন্য, বিষয়টি তেমন নয়। অনেক সময় একই পরিবারের একাধিক সদস্য গান গাইতে এলে দেখা যায় তাঁদের একই রকম কণ্ঠ। তখন এর প্রভাব সাংস্কৃতিক অঙ্গনেও পড়ে। সেখানে কিছু রাজনীতি হয়। আর কিছু পারিবারিক সমস্যাও থাকতে পারে।’ এসব কারণেই গানকে এত ভালোবাসার পরেও দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন তিনি।
তবে, এ নিয়ে এখন আর বিচলিত নন মিষ্টি কণ্ঠের এই গায়িকা। তিনি মনে করেন, ফিরে আসার পর তিনি গান গেয়ে মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, সেটাও অনেক। বললেন, ‘শ্রোতাদের এই ভালোবাসার চেয়ে বড় পুরস্কার আর কিছু নেই।’