ফিডব্যাক ফিরছে এক যুগ পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিডব্যাক
ফিডব্যাক

প্রায় এক যুগ বিরতির পর দেশের জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাকের নতুন অ্যালবাম প্রকাশিত হচ্ছে। তবে অডিও সিডি আকারে নয়, ওয়েবসাইটে প্রকাশিত হবে তাঁদের নতুন এ অ্যালবাম। ২০০২ সালে প্রকাশিত হয়েছিল দলটির সর্বশেষ অ্যালবাম ফিডব্যাক ওটু।
সিডি আকারে প্রকাশ না করে ওয়েবসাইটে অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু বলেন, ‘এখন অডিও বাজার অনেকটাই অস্থিতিশীল। পাইরেসির সমস্যাও রয়েছে। এ জন্য সিডি আকারে অ্যালবাম প্রকাশ করতে চাচ্ছি না আমরা। অন্যদিকে, ডিজিটাল অ্যালবাম প্রকাশের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। মূলত এসব দিক বিবেচনা করেই ডিজিটালি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
নাম চূড়ান্ত না হওয়া নতুন অ্যালবামটির জন্য গান লিখেছেন গুঞ্জন চৌধুরী, লুমিন, আফতাব খুরশীদ ও সাঈফ। অ্যালবামটি ওয়েবসাইটে প্রকাশের বিষয় নিয়ে কথা চলছে দেশের প্রথম সারির একটি টেলিকম কোম্পানির সঙ্গে। এরই মধ্যে স্বকীয়তা ধরে রেখে অ্যালবামের জন্য ছয়টি গানের কাজ শেষ করেছে ফিডব্যাক। বর্তমান কাজের ব্যস্ততা এবং নববর্ষে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার পরপরই অ্যালবামটি প্রকাশ করবে ফিডব্যাক।
১৯৭৬ সালে যাত্রা শুরু করে ফিডব্যাক। ১৯৮৫ সালে ব্যান্ডের নামেই প্রকাশিত হয় তাঁদের প্রথম অ্যালবাম। এরপর ১৯৮৭ সালে উল্লাস, ১৯৯০ সালে মেলা, ১৯৯২ সালে জোয়ার (এইচএমভি), ১৯৯৪ সালে বঙ্গাব্দ ১৪০০, ১৯৯৬ সালে বাউলিয়ানা, ১৯৯৭ সালে দেহঘড়ি, ১৯৯৯ সালে আনন্দ, ২০০০ সালে এই শতাব্দীর ফিডব্যাক (এইচএমভি) এবং ২০০২ সালে ফিডব্যাক ওটু অ্যালবামগুলো প্রকাশিত হয়।
ফিডব্যাকের বর্তমান সদস্যরা হলেন ফোয়াদ নাসের বাবু (কিবোর্ড), লাবু রহমান (গিটার ও ভোকাল), টন্টি (ড্রামস), লুমিন (ভোকাল) ও রায়হান (ভোকাল)।