ফিরছি বিরতির পর!

এটা বিজ্ঞাপন বিরতি নয়। লেডি গাগা বলছেন প্রেম থেকে বিরতি নেওয়ার কথা। মার্কিন মডেল ও অভিনেতা টেলর কিনের সঙ্গে আংটিবদলের দেড় বছরের মাথায় এসে প্রেমে বিরতির ঘোষণা দিলেন তিনি। গতকাল বুধবার ইনস্টাগ্রামে কিনের সঙ্গে একটি ছবি দিয়ে তাতে ‘ব্রেক’ নেওয়ার কথা লেখেন এই ‘বর্ন দিজ ওয়ে’ গায়িকা।
২০১১ সাল থেকে প্রেম করছেন টেলর কিনে ও লেডি গাগা। ‘ইউ অ্যান্ড আই’ গানের ভিডিও তৈরির সময় পরিচয় হয় তাঁদের। সম্পর্ককে একটা নতুন পরিচয় দিতে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবসে আংটি বদল করেন তাঁরা। তখনো এই সুখবর ইনস্টাগ্রামের মাধ্যমেই ভক্তদের জানিয়েছিলেন গাগা। তখন হৃদয়াকৃতির হীরার আংটির একটি ছবি দিয়ে তিনি তাতে লেখেন, ‘সে আমাকে ভ্যালেন্টাইনস ডেতে তাঁর হৃদয়টি দিল। এবং আমি তা গ্রহণ করলাম!’
এবারও গাগা তাঁর মনের কথাগুলো ভক্তদের জানানোর জন্য বেছে নিলেন সেই আগের মাধ্যমটিই। ইনস্টাগ্রামে কিনের সঙ্গে তোলা সাদাকালো একটি ছবি দিয়ে তাতে গাগা লিখেছেন, ‘টেলর ও আমি সব সময়ই মনে করি আমাদের আত্মা একসঙ্গে বাঁধা। অন্য সব যুগলের মতো আমাদের সম্পর্কেও চড়াই-উতরাই রয়েছে এবং আমরাও একটি বিরতিতে যাচ্ছি। আমরা দুজনই উচ্চাকাঙ্ক্ষী শিল্পী। আশা করব এই দূরত্বের সময়ে এবং কঠিন ব্যস্ততার মধ্যেও নিজেদের ভেতরের ভালোবাসাকে জিইয়ে রাখতে। আমাদের সঙ্গে থেকো। আমরা বাকি সবার মতোই এবং আমরা সত্যিই একে অপরকে ভালোবাসি।’ বিবিসি।