ফিরছে গানচিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে ফিরছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। নতুন যাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেডিস কমিউনিটি ক্লাবে এক সংগীতসন্ধ্যার আয়োজন করে গানচিল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে গীতিকবি আসিফ ইকবালের লেখা অপ্রকাশিত ২১টি গান গেয়ে শোনান সংগীতশিল্পী মুন।
গানচিলের উদ্যোক্তা আসিফ ইকবাল বলেন, ‘সুস্থ সংগীতের বিকাশের লক্ষ্যে গানচিলের যাত্রা। শুরুতে সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু ২০০৮-০৯ সালের দিকে পাইরেসির মাত্রাতিরিক্ত আগ্রাসন এবং এফএম রেডিওগুলোর কারণে গানের বাজারে বেশ নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে আস্তে আস্তে গানচিলের কার্যক্রমে স্থবিরতা আসে। ২০১২ সালের দিকে অ্যালবাম প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য কার্যক্রম ঠিকই চলত। এই সময়টাতে আমরা সময়োপযোগী কিছু করার পরিকল্পনা নিয়ে ভাবতে থাকি। নতুন পরিকল্পনায় আবার ফিরে আসছে গানচিল।’
গানচিলের চেয়ারম্যান আফসানা আসিফ জানান, গানচিল আপাতত সরাসরি অ্যালবাম প্রকাশ করবে না। গানচিল মিউজিক ক্লাব, গানচিল ডিজিটাল, গানচিল কনটেন্ট এবং গানচিল ডিস্ট্রিবিউশন এই পদ্ধতিতে গানের বাজারজাত করবে। তবে সময়-সুযোগ এবং পরিস্থিতি বুঝে সিডি আকারে অ্যালবাম প্রকাশ করা হবে।
২০০৫ সালের শেষ দিকে চালু হয় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। তখন এর সঙ্গে উদ্যোক্তা হিসেবে জড়িত ছিলেন নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল ও রেজা রহমান। কার্যক্রম স্থবির হওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ২১৪টি অ্যালবাম প্রকাশ করে।