ফিরে আসছে গানচিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী মুনের একক গান পরিবেশনার মধ্য দিয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করবে গানচিল
সংগীতশিল্পী মুনের একক গান পরিবেশনার মধ্য দিয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করবে গানচিল

নতুন করে ফিরছে স্থবির হয়ে পড়া প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। থাকছে নতুন ভাবনা আর অভিনব পরিকল্পনা। নতুন করে যাত্রা শুরু উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেডিস কমিউনিটি ক্লাবে ব্যতিক্রমী এক সংগীতসন্ধ্যার আয়োজন করে গানচিল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে গীতিকবি আসিফ ইকবালের লেখা অপ্রকাশিত ২১টি গান গেয়ে শোনাবেন সংগীতশিল্পী মুন। 

গানচিলের উদ্যোক্তা আসিফ ইকবাল জানান, প্রতিষ্ঠানের নবরূপে যাত্রা উপলক্ষে বিশেষ আনুষ্ঠানিকতা থাকছে। সুস্থ সংগীতের বিকাশের লক্ষ্যে গানচিলের যাত্রা শুরু। শুরুতে সবকিছু বেশ ভালো ভাবেই চলছিল। কিন্তু ২০০৮-০৯ সালের দিকে পাইরেসির মাত্রাতিরিক্ত আগ্রাসন এবং এফএম রেডিওগুলোর কারণে গানের বাজারে বেশ নেতিবাচক প্রভাব পড়ে। এ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে অসন্তোষ শুরু হয়। এমনকি সবাই নিজেদের সরিয়ে নেন। এর ফলে আস্তে আস্তে গানচিলের কার্যক্রমে স্থবিরতা চলে আসে। ২০১২ সালের দিকে অ্যালবাম প্রকাশ বন্ধ করে দেয়। তবে অন্য কার্যক্রম ঠিকই চলতে থাকে। এই সময়টাতে আমরা সময়োপযোগী কিছু করার পরিকল্পনা নিয়ে ভাবতে থাকি। নতুন পরিকল্পনায় আবার ফিরে আসছে গানচিল।’
গানচিলের চেয়ারম্যান আফসানা আসিফ জানান, গানচিল আপাতত সরাসরি অ্যালবাম প্রকাশ করবে না। গানচিল মিউজিক ক্লাব, গানচিল ডিজিটাল, গানচিল কনটেন্ট এবং গানচিল ডিস্ট্রিবিউশন এই পদ্ধতিতে গানের বাজারজাত করবে। এ ছাড়া সময়-সুযোগ এবং পরিস্থিতি বুঝে সিডি আকারে অ্যালবাম প্রকাশ করবে।
প্রসঙ্গত, সুস্থ সংগীতের বিকাশের লক্ষ্যে ২০০৫ সালের শেষ দিকে চালু হয় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। শুরুতে ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব-রুমির আড্ডা এবং বিউটির চরণদাসী অ্যালবাম দু’টি প্রকাশ করে। তখন গানচিলের সঙ্গে উদ্যোক্তা হিসেবে জড়িত ছিলেন নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল এবং রেজা রহমান। কার্যক্রম স্থবির হওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ২১৪টি অ্যালবাম প্রকাশ করে।