ফিরোজা বেগমের গান সংরক্ষণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) সুস্মিতা আনিস, আসাদুজ্জামান নূর ও মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্‌
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) সুস্মিতা আনিস, আসাদুজ্জামান নূর ও মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্‌

বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগমের গাওয়া গানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিগগিরই দেশে-বিদেশে ছড়িয়ে থাকা এই শিল্পীর গানগুলো সংগ্রহের কাজ শুরু হচ্ছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শিল্পী সুস্মিতা আনিসের গাওয়া নজরুলসংগীতের অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর। তিনি আরও জানান, বাংলাদেশের প্রয়াত বরেণ্য ব্যক্তিত্বদের জীবনী লেখার কাজ চলছে। এই তালিকায় আছেন ফিরোজা বেগমও।
শিল্পী সুস্মিতা আনিসের ফুফু ফিরোজা বেগম। একটি চিঠিতে সুস্মিতা আনিসকে তিনি লিখেছিলেন, ‘পুরাতনদের উচিত নতুনকে সংবর্ধনা জানানো, তাই তোমাকে এনেছি এ পথে, যে পথে আমার স্নেহাশিস মিশে থাকবে সুরের সুরভি হয়ে—ইতি, তোমার গানের ফুফু।’ চিঠিটি পাল্টে দেয় সুস্মিতা আনিসের জীবন। হাতেখড়ির আগেই ফুফুর হাত ধরে সংগীতজীবন শুরু করেন সুস্মিতা আনিস।
আগামী ৯ সেপ্টেম্বর ফিরোজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী। তার আগেই সংগীতগুরুর স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য ফিরোজা বেগমের কাছ থেকে শেখা ১০টি গান নিয়ে অ্যালবাম করেছেন সুস্মিতা আনিস। অ্যালবামের নাম শিশিরের স্পর্শে গাথা। প্রকাশ করেছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি। পরিবেশনায় জি-সিরিজ। অ্যালবামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ মেহের হোসেন, সংগীত পরিচালনা করেন ইবরার টিপু।
অ্যালবামের মোড়ক খোলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক সচিব, বাংলাদেশ টুডের সাবেক সম্পাদক ও ফিরোজা বেগমের ভাই মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পী সুস্মিতা আনিস ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।
অ্যালবামে সুস্মিতা আনিসের গাওয়া ‘এসো হে সজল শ্যামল ঘন দেয়া’ ও ‘লাল টুকটুকে বউ যায় গো’ গান দুটির মিউজিক ভিডিও তৈরি করেন গাজী শুভ্র। অনুষ্ঠানে প্রদর্শন করা হয় মিউজিক ভিডিও দুটি।
সুস্মিতা আনিস জানান, এখন চাচা মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহর কাছ থেকেই ধ্রুপদি সংগীতের তালিম নিচ্ছেন তিনি। ফিরোজা বেগমকে নিয়ে সামনে আরও কিছু কাজ করার ইচ্ছা তাঁর। এর মধ্যে রয়েছে ফিরোজা বেগমের জীবনী নিয়ে বই প্রকাশ।