ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজা বেগম
ফিরোজা বেগম

নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম চলে গেলেন ৯ সেপ্টেম্বর। আজ তাঁর কুলখানি। গত বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তাঁদের মধ্য সংস্কৃতিজগতের কয়েকজন স্মরণ করলেন ফিরোজা বেগমকে।

শবনম মুশতারী
শবনম মুশতারী

শবনম মুশতারী
ফিরোজা বেগমের খবরটা শোনার পর থেকেই মনটা খারাপ। তিনি যখন কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন, তখন আমার বাবা (কবি তালিম হোসেন) ছিলেন তাঁদের অভিভাবক। তখন থেকেই ওই পরিবারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ। ফিরোজা বেগম নিজেই একটা ইতিহাস। এই ইতিহাস কখনো ম্লান হবে না। যত দিন বাংলা গান থাকবে, মানুষ নজরুলসংগীত চর্চা করবেন, শুনবেন, তত দিন ফিরোজা বেগম বেঁচে থাকবেন।

শাহীন সামাদ
শাহীন সামাদ

শাহীন সামাদ
ফিরোজা বেগম ছিলেন আমাদের বটবৃক্ষ। তিনি আমাদের অনুষ্ঠান দেখতেন। আমাদের গান শুনতেন। কে কোথায় কী ভুল করেছে, সব মনে রাখতেন। পরে যখন দেখা হতো, সেই ভুলটা ধরিয়ে দিতেন। তিনি ছিলেন সত্যিকারের একজন শিক্ষক। আমরা একজন শিক্ষককে হারিয়েছি।

সুজিত মোস্তফা
সুজিত মোস্তফা

সুজিত মোস্তফা
ফিরোজা বেগম যখন গান করতেন, সেটা ছিল পাকা শিল্পীদের যুগ। ওই সময় তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, এই ভালোত্বটা তাঁর গানের মধ্যে স্পষ্ট ফুটে উঠত। যাঁরা গান করেন, তাঁদের অনেকেই অন্য কারও স্টাইল অনুসরণ করেন। কিন্তু ফিরোজা বেগম শুরু থেকেই নিজস্ব একটা স্টাইল প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি সাবলীলভাবে গান গাইতেন। শুনে মনে হতো, তিনি একটা গল্প বলছেন।

খায়রুল আনাম শাকিল
খায়রুল আনাম শাকিল

খায়রুল আনাম শাকিল
কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে হৃদয়ে ধারণ করতেন ফিরোজা বেগম। তাঁর ধ্যানজ্ঞান ছিলেন নজরুল। তাঁর গান শুনলেই সেটা স্পষ্ট বোঝা যেত। নজরুলের কাব্যগীতি গাওয়ার আগে আমাদের তিনি বলতেন, ‘গানটার বাণী বুঝে গাইতে হবে।’ তিনি গানের একটা চিত্রকল্প তৈরি করতেন। তাঁর কণ্ঠে নজরুলসংগীত পেয়েছে নতুন মাত্রা। তিনি যখন গান করতেন, ওই সময় তিনি এমন সব গুরু, কণ্ঠশিল্পী আর বাদ্যযন্ত্রশিল্পীর সান্নিধ্য পেয়েছিলেন যে নিজেকেও সেভাবেই তৈরি করেছিলেন।

সাদিয়া আফরিন মল্লিক
সাদিয়া আফরিন মল্লিক

সাদিয়া আফরিন মল্লিক
১৯৯০ সালে ফিরোজা বেগমের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তিন মাসে আমরা ১২টি জায়গায় গান গেয়েছি। কিংবদন্তি শিল্পীর কথা তো অনেক শুনেছি, কিন্তু তা কাছ থেকে দেখেছি ওই সময়। তিনি ছিলেন খুব ফ্যাশনসচেতন। তাঁর সাজ, পোশাক আর ব্যবহারে অন্য রকম এক ব্যক্তিত্ব ফুটে উঠত। তাঁর সব অনুষ্ঠানেই তিলধারণের জায়গা থাকত না। তিনি যখন মঞ্চে ঢুকতেন কিংবা মঞ্চ থেকে বের হতেন, তখন সবাই দাঁড়িয়ে তাঁকে সম্মান জানাতেন। যতক্ষণ মঞ্চে থাকতেন, পুরোটাই থাকত তাঁর।
(১০ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী খালেদ সরকার)