ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান তাঁর কণ্ঠের মাদকতায় নান্দনিক উৎকর্ষের শিখরে স্থান করে নিয়েছে। মাত্র ১১-১২ বছর বয়সে তিনি কলকাতার এইচএমভির রিহার্সেলে নজরুলের সঙ্গে পরিচিত হন। সেখানে অডিশনে ফিরোজা বেগম শুনিয়েছিলেন ‘যদি পরানে না জাগে আকুল পিয়াসা’ গানটি। নজরুল খুব প্রশংসা করলেন গানের। বললেন, ‘তোমরা দেখে নিয়ো, এই মেয়ে অনেক ভালো শিল্পী হবে।’
শুধু ভালো শিল্পীই নন, নজরুলের গান আর ফিরোজা বেগম এখন সমার্থক হয়ে উঠেছে।
১৯৫৬ সালে কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় ফিরোজা বেগমের। তাহসীন, হামিন ও শাফিন তাঁর তিন ছেলে।
ফিরোজা বেগম জন্মেছিলেন ১৯৩০ সালের ২৮ জুলাই। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন অল ইন্ডিয়া রেডিওতে গান করে সংগীতবোদ্ধাদের নজর কেড়েছিলেন। ১৯৪২ সালে এইচএমভি থেকে তাঁর গানের প্রথম রেকর্ড বের হয়। ‘মোমের পুতুল’ ও ‘দূর দ্বীপবাসিনী’ গান দুটি সংগীতজীবনে তাঁকে বড় সাফল্য এনে দেয়। পৃথিবীর বিভিন্ন দেশে ৩৮০টির বেশি একক সংগীতানুষ্ঠান করেছিলেন তিনি। বহু পুরস্কার পেয়েছেন। স্বাধীনতা পদক ও একুশে পদক এর মধ্যে অন্যতম। এ ছাড়া মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নজরুল আকাদেমি পদক পেয়েছেন। তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধা।