ফিরোজা বেগমের জন্য শ্রদ্ধাঞ্জলি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। তাঁর কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান দারুণ জনপ্রিয় হয়েছে দুই বাংলাতেই। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালির কাছে ফিরোজা বেগমের গানগুলো আজ দারুণ সমাদৃত।
কলকাতার এইচএমভির রিহার্সেলে নজরুলের সঙ্গে তাঁর প্রথম পরিচয়। সেখানকার অডিশনে ফিরোজা বেগম কবিকে তাঁর ‘যদি পরানে না জাগে আকুল পিয়াসা’ গানটি শুনিয়েছিলেন। তখন ফিরোজার বয়স ১১ বা ১২ বছর। নজরুল খুব প্রশংসা করেছিলেন তাঁর গানের। এখন নজরুলের গান আর ফিরোজা বেগম সমার্থক হয়ে উঠেছে।
ফিরোজা জন্মেছিলেন ১৯৩০ সালের ২৮ জুলাই। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন অল-ইন্ডিয়া রেডিওতে গান করে সংগীতবোদ্ধাদের নজর কেড়েছিলেন। ১৯৪২ সালে এইচএমভি থেকে তাঁর গানের প্রথম রেকর্ড বের হয়। ‘মোমের পুতুল’ ও ‘দূর দ্বীপবাসিনী’ গান দুটি সংগীতজীবনে তাঁকে বড় সাফল্য এনে দেয়। ১৯৫৬ সালে কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় ফিরোজা বেগমের। তাহসীন, হামিন ও শাফিন তাঁর তিন ছেলে।
পৃথিবীর বিভিন্ন দেশে ৩৮০টির বেশি একক সংগীতানুষ্ঠান করেছিলেন তিনি। পেয়েছেন বহু পুরস্কার। স্বাধীনতা পদক ও একুশে পদক এর মধ্যে অন্যতম। এ ছাড়া তিনি পেয়েছেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নজরুল আকাদেমি পদক।
মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।