ফেব্রুয়ারিতে 'যুবরাজ উৎসব' ও স্মারক গ্রন্থ

এখন থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হবে ‘যুবরাজ উৎসব’। মঞ্চ ও টিভির অভিনয়শিল্পী খালেদ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার রাতে রাজধানীর ধানমন্ডিতে তাঁর স্ত্রী বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকের বাসায় এক স্মরণ অনুষ্ঠান আয়োজন করেছিল যুবরাজ সংঘ। সেখানেই এই যুবরাজ উৎসব ও স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত; খালেদ খানের ডাকনাম যুবরাজ। এ বছর খালেদ খানের জন্মদিনে যুবরাজ সংঘ নামের এই সংগঠনটি গঠন করা হয়েছে।

ঘরোয়া এই স্মরণ অনুষ্ঠানের শুরুতেই মিতা হক, লাইসা আহমেদ লিসা আর সেমন্তী মঞ্জুরী সম্মেলক কণ্ঠে গেয়েছেন রবীন্দ্রসংগীত ‘তুমি ডাক দিয়েছ কোন সকালে’ ও ‘মাঝে মাঝে তব দেখা পাই’।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন গোলাম কুদ্দুস, ঝুনা চৌধুরী, সোহরাব উদ্দিন, নেসার হোসেন, হাসান আরিফ, শাহীন খান, আহমেদ গিয়াস, আজহারুল হক আজাদ, তাহসিনা শাহীন, মোস্তাফিজ শাহীন, আনিসুল হক বরুন, ইশরাত নিশাত, মনিরুল হক শিপন, ফারহিন খান জয়িতা, আরিক আনাম খান প্রমুখ।
যুবরাজ সংঘের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা হয় এই অনুষ্ঠানে। ‘যুবরাজ উৎসব’ আয়োজনের পাশাপাশি প্রতি বছর ৯ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় খালেদ খানের জন্মদিন উদ্যাপন করবে যুবরাজ সংঘ।