ফের ফাহমিদা নবীর কারিগরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহমিদা নবী
ফাহমিদা নবী

দুই বছর বিরতির পর আবারও কারিগরি চালু করলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। যুক্তরাজ্য থেকে ফিরে ৫ সেপ্টেম্বর ফাহমিদা নবীর গান শেখার স্কুল কারিগরির নতুন ক্লাস শুরু করেছেন। এটি কারিগরির চতুর্থ ব্যাচ। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণে আগ্রহী বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অংশ নিচ্ছেন। গান শেখানোর পাশাপাশি এখানে আরও বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান ফাহমিদা নবী।

ফাহমিদা নবী বলেন, ‘দুই বছর আগে থেকে কারিগরি চালুর জন্য অনেকেই আমাকে অনুরোধ করেন। মাঝে ক্লোজআপ ওয়ান অনুষ্ঠানের বিচারকাজ ও বিভিন্ন শো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কারিগরির দিকে নজর দিতে পারিনি। সম্প্রতি বেশ কয়েক দিনের সফরে গিয়েছিলাম যুক্তরাজ্যে। তখনই সিদ্ধান্ত নিই দেশে ফিরেই কারিগরির কার্যক্রম শুরু করব। যে-ই কথা সে-ই কাজ, এসেই শুরু করলাম। তিন মাসের এই ওয়ার্কশপে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের শুধু গান না, নিজেদের কণ্ঠ, আত্মবিশ্বাস জাগানোসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি।’

এই শিল্পী আরও বলেন, ‘কারিগরি পুরোপুরিভাবেই একটি অলাভজনক উদ্যোগ। আসলে আমার স্বপ্ন, ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ গান শেখার স্কুল দেওয়ার। সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছি।’

২০০৭ সাল থেকে এ স্কুলটি পরিচালনা করে আসছেন ফাহমিদা নবী। সপ্তাহের শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর ছায়ানট ভবনে কারিগরি সদস্যদের প্রশিক্ষণ দেন ফাহমিদা নবী।