ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণার ফেসবুক থেকে সংগৃহীত।
কণার ফেসবুক থেকে সংগৃহীত।

স্টেজ শো আয়োজকদের আচরণে বেশ চটেছেন গায়িকা কণা। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। ফেসবুকে কণার এই স্ট্যাটাসের সঙ্গে একমত পোষণ করেছেন। এদের মধ্যে আছেন জ্যেষ্ঠ, সমসাময়িক ও নতুন প্রজন্মের শিল্পী ও সংগীতপরিচালক। এই স্ট্যাটাসে নাকি কণা তাঁর মনে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভের কথাটা জানানোর চেষ্টা করেছেন বলে জানিয়েছেন প্রথম আলোকে।
কণা বলেন, ‘ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করেছি। আমাদের বেশির ভাগ আয়োজক ভারতের শিল্পীদের নিয়ে যতটা আন্তরিক, আমাদের ব্যাপারে ঠিক ততটাই উদাসীন। যা কোনোভাবেই ঠিক বলে আমি মনে করি না। আমরা সবকিছুতে ভারতের সঙ্গে তুলনা করি। অথচ শো করার ক্ষেত্রে পুরোপুরি পাল্টে যাই।’
কণা এও বলেন, ‘ভারতের কোনো শিল্পীকে বাংলাদেশে আনার সময় সব ধরনের সাপোর্ট দেওয়া হয়। বাংলাদেশের কোনো শিল্পীকে যখন বাইরের দেশে নেওয়ার জন্য আয়োজকেরা যোগাযোগ করেন তখন অন্যান্য সাপোর্ট তো দূরের কথা, মিউজিশিয়ান সহযোগিতাটুকু পর্যন্ত তাঁরা দিতে চান না। এতে হয়তো আয়োজকদের অনেকে আমার ওপর রাগও করতে পারেন। তাতে আমি মোটেও বিচলিত নই। কারণ, আমি শ্রোতাদের বিভ্রান্ত করতে চাই না। আমার গানের আদর্শ রুনা লায়লা, তাঁকেও কোনো দিন কারও সঙ্গে কম্প্রোমাইজ করতে শুনিনি। উনি যা যা করেন আমিও তার পুরোটা না পারি, কিছুটা হলেও চেষ্টা করি।’
গানের জগতে কণার পথচলা ১৬ বছরের। এই দীর্ঘ সময়ে তাঁর গাওয়া গানের সংখ্যা দুই শতাধিক। একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তিনটি। অ্যালবামগুলো হচ্ছে ‘জ্যামিতিক ভালোবাসা’ (২০০৬), কণা (২০০৮) ও সিম্পল কণা (২০১১)। কণ্ঠ দিয়েছেন মিশ্র গানের অ্যালবামেও।