ফোকফেস্টে রাহুলদের 'পাগলী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবে ‘জলের গান’-এর পরিবেশনা। ছবি: আসরাফুল আলম
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবে ‘জলের গান’-এর পরিবেশনা। ছবি: আসরাফুল আলম

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের শেষ দিনে নতুন একটি বাদ্যযন্ত্রের সঙ্গে ভক্ত-শ্রোতাদের পরিচয় করিয়ে দিল জনপ্রিয় গানের দল জলের গান। দলটির অন্যতম শিল্পী রাহুল যন্ত্রটি দেখিয়ে বলেন, ‘আপনারা জানেন জলের গান নিজেদের যন্ত্র নিজেরা তৈরি করে বাজায়। এই যন্ত্রটি আমাদের বানানো নতুন এক যন্ত্র। এর নাম পাগলী।’
ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল ২০১৫-এর প্রথম পরিবেশনা নিয়ে আসে তরুণদের জনপ্রিয় এ দলটি। শুরু করে পাখির গান‘সোয়া যাও, যাওরে যাওরে তেপান্তর’, ফুলের গান ‘বকুল ফুল বকুল ফুল’, পাতার গান ‘ঝরা পাতাগো, তোমার সঙ্গে আমার দিন কাটানোর কথা’ এবং পাগলের গান ‘তোমার জন্য আকাশ ভরা তারা’ গানগুলো।

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবে ‘জলের গান’-এর পরিবেশনা। ছবি: আসরাফুল আলম
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবে ‘জলের গান’-এর পরিবেশনা। ছবি: আসরাফুল আলম


মঞ্চ মাতিয়ে রাখায় বিশেষভাবে পারদর্শী তরুণদের প্রিয় এই গানের দলটির সঙ্গে একপর্যায়ে যোগ দেয় আইরিশ তরুণী নিয়াম নিকারা দলটি। সাত হাজার মাইল দূর থেকে ঢাকার উৎসবে যোগ দিয়েছে দলটি। জলের গানের সঙ্গে ‘পাতার ছবি আঁকি’ গানটির সঙ্গে তাঁরা বাজিয়েছে ।এসময় মঞ্চ জুড়ে নেচে বেড়ান জলের গানের শিল্পী রাহুল আনন্দ। তিনি বলেন, ‘আমরা তিন বেলা পেট ভরে ভাত খেতে পারি না। কিন্তু আমরা হাসতে পারি, ভালোবাসতে পারি।’ তিনি উপস্থিত দর্শকদের ‘ধনধান্য পুষ্পে ভরা’ গানটি একসঙ্গে গাইতে অনুরোধ করেন। ‘চন্দনী’ গানের মধ্য দিয়ে দলটির পরিবেশনা শেষ করার আগে নিজেদের নতুন যন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাহুল। তিনি বলেন, ‘অনেকেই যন্ত্রটির নাম জানতে চেয়েছেন। আমি এর নাম দিয়েছি “পাগলী”। এটি আজই প্রথম কোনও মঞ্চে বাজলো।
জলের গানের পরিবেশনা শেষ হয় রাহুলের শঙ্খ বাজানোর মাধ্যমে। প্রায় সোয়া একমিনিট ধরে বাজে শঙ্খের এই ডাক।