বইয়ের পাতায় 'সুরসম্রাজ্ঞী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মুঙ্গেশকর
লতা মুঙ্গেশকর

সেই ১৯৪০ থেকে আজ অবধি তিনি তাঁর কণ্ঠের সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন অসংখ্য শ্রোতাকে। উপমহাদেশের বেশ কয়েকটি প্রজন্ম তাঁর গান শুনেই বড় হয়েছে। কণ্ঠে যার এত জাদু সেই ‘সুরসম্রাজ্ঞী’ লতা মুঙ্গেশকরের জীবনও কম ঘটনাবহুল নয়। গানের জগতে এই গুণী সংগীতশিল্পীকে পার করতে হয়েছে নানা চড়াই-উতরাই। তাঁর ঘটনাবহুল জীবন নিয়ে এবারে প্রকাশিত হতে যাচ্ছে একটি বই। লতা মুঙ্গেশকরের এই জীবনীগ্রন্থটি লিখছেন হিন্দি সাহিত্যের স্বনামধন্য কবি এবং লেখক যতীন্দ্র মিশ্র।
‘লতা মুঙ্গেশকর: আ মিউজিক্যাল জার্নি’ বইটি লেখার জন্য বেশ কয়েক বছর ধরে লতা মুঙ্গেশকরের সাক্ষাৎকার নিয়েছেন লেখক যতীন্দ্র মিশ্র। এই সংগীতশিল্পীর জীবনের জানা-অজানা নানা ঘটনার বর্ণনা থাকবে বইটিতে। এটি অনুবাদ করবেন সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ইরা পাণ্ডে।
লতা মুঙ্গেশকরের মতো এমন একজন গুণী শিল্পীকে নিয়ে এই বই প্রকাশের উদ্যোগ নিতে পারার কারণে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‍্যানডম হাউস কর্তৃপক্ষ ও লেখক যতীন্দ্র মিশ্রও অনেক আনন্দিত।
প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‍্যানডম হাউসের প্রধান সম্পাদক মেরু গোখলে জানিয়েছেন, তাঁরা এযাবৎ​ যত প্রকাশনা উদ্যোগ নিয়েছেন এটি সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং আকর্ষণীয় প্রকল্প। তিনি জানিয়েছেন, এই কিংবদন্তি সংগীতশিল্পীর যত ভক্ত ও গুণমুগ্ধ অনুরাগী আছেন; তাঁরাও পেঙ্গুইন প্রকাশনার কর্মীদের মতোই চমৎ​কৃত হবেন।
‘লতা মুঙ্গেশকর: আ মিউজিক্যাল জার্নি’ বইয়ের লেখক যতীন্দ্র সম্প্রতি এক সাক্ষাৎ​কারে বলেছেন, ‘আমার স্বপ্ন সত্যি হলো! লতাজি আমার এবং দক্ষিণ এশিয়ার লক্ষাধিক শ্রোতার কাছে এক বিশাল নাম। তাঁর জীবনের নানা স্মৃতি পাঠকের সঙ্গে ভাগাভাগি করতে পারাটা আমার জন্য একটি বিরাট অর্জন।’
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর লতা মুঙ্গেশকরের ৮৭তম জন্মদিনেই তাঁকে নিয়ে লেখা এই বইটি প্রকাশের ঘোষণা দেন প্রকাশক। 

সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরকে নিয়ে লেখা এ বইটি বাজারে আসবে ২০১৬ সালের জানুয়ারিতে। টাইমস অব ইন্ডিয়া।