বকুলতলায় জলের গান

ভিন্নধর্মী গান আর ভিন্নধর্মী পরিবেশনার জন্য এরই মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে গানের দল জলের গান। জয়নুল জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবার তারা গান গাইতে যাচ্ছে। চার দিনব্যাপী অনুষ্ঠানটি শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। জয়নুল জন্মশতবার্ষিকী উপলক্ষে চারুকলায় চার দিনের বিভিন্ন আয়োজনের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বকুলতলায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমদিন সন্ধ্যায় গান গাইবে গানের দল জলের গান। একটানা দুই ঘণ্টা দলটি গান পরিবেশন করবে বলে জানান রাহুল আনন্দ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষের আয়োজনে গান গাইতে পারাটাকে অন্য রকম ভালো লাগার ব্যাপার বলে মনে করছে দলটি।
গনের দল জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ বলেন, ‘জলের গানের বেশির ভাগ সদস্য চারুকলা অনুষদে পড়াশোনা করেছে। এখানেই পড়তে এসে জলের গানের জন্ম। চারুকলার ছাদ, বারান্দা, বকুলতলা এখানেই এক সময় আমরা সবাই গাইতাম। বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের অনেকেই আমাদের খুব পছন্দ করতে থাকে। তারাই গানের দল তৈরির ব্যাপারে উৎসাহ দেয়। এভাবেই একদিন জলের গান আত্মপ্রকাশ করে।’
গনের দল জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ বলেন, ‘অনেক অনুষ্ঠানে গান করি। কিন্তু জয়নুল জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে গান করার ব্যাপারটা অন্যসব অনুষ্ঠানের চেয়ে আলাদা। এই অনুষ্ঠানে গাইতে পারাটা দায়ের একটা ব্যাপার আছে। পৃথিবীর অনেক মঞ্চেই গান আর অভিনয় করেছি। বকুলতলার মতো এত প্রিয় মঞ্চ আর কোনোটাই মনে হয়নি। সত্যিই আমরা অনেক বেশি আনন্দিত।’