বগুড়ার নাট্যোৎসবে ৩৬টি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী আন্তজেলা ও আন্তস্কুল নাট্য উৎসব। শহরের শহীদ টিটু মিলনায়তনে যৌথভাবে এই নাট্যোৎসবের আয়োজন করেছে বগুড়া থিয়েটার, লিটল থিয়েটার ও শিশু সংগঠন ‘ভোর হলো’। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই নাট্যোৎসবের উদ্বোধন করবেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান ও বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
উৎসবে দুই ভাগে ৩৬টি নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে প্রতিদিন সন্ধ্যা সাতটায় আন্তজেলা নাট্যোৎসব বাংলাদেশ ও ভারতের আটটি নাট্যদল সাড়া জাগানো আটটি নাটক মঞ্চস্থ করবে। এর মধ্যে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায় শুক্রবার উদ্বোধনী সন্ধ্যায় ‘নীলাখ্যান’, ভারতের কলকাতা শহরের রবীন্দ্রনগর নাট্যায়ন নাট্যদল শনিবার সন্ধ্যায় ‘ম্যাকবেথ’ এবং ‘রাস্তা’ দুটি নাটক মঞ্চস্থ করবে। এ ছাড়া রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জের নাট্যলোক ‘নারী নসিমন’, সোমবার সন্ধ্যায় পাবনার ড্রামা সার্কেল ‘সাইলক অ্যান্ড সিকোফ্যান্টস’, মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের নাট্যকেন্দ্র ‘শিখণ্ডী কথা’, বুধবার সন্ধ্যায় বগুড়া থিয়েটার ‘দ্রোহ’ এবং বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের আমাদের থিয়েটার মঞ্চস্থ করবে ‘ক্ষতবিক্ষত’।
উত্সব মঞ্চে প্রতিদিন বৈকালিক শোতে আন্তস্কুল নাট্যোৎসব হবে। ‘বালক প্রাণে আলোক জ্বালো, নাট্য মঞ্চ জাগিয়ে তোলো’ স্লোগানে অনুষ্ঠিত এই আন্তস্কুল নাট্যোৎসব ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও চারটি শিশু সংগঠনসহ ২৮টি শিশু নাট্যদল ২৮টি শিশুতোষ নাটক মঞ্চস্থ করবে। এসব নাটক হলো ‘ভস্মীভূত’, ‘মড়া’, ‘যাদুরতুলী’, ‘একদিনের রাজা’, ‘ইচ্ছে’, ‘রাজাকার’, ‘খুকি’ ও ‘কাঠবিড়ালি’, ‘আমরা সবাই রাজা’, ‘সকলের জন্য ভালোবাসা’, ‘তোতা কাহিনি’, ‘ডাকঘর’, ‘রোগের চিকিৎসা’, ‘অভিযান’, ‘দুষ্টু ছেলে’, ‘জুতা আবিষ্কার’, ‘প্রতিরোধ’, ‘ছাত্রের পরীক্ষা’, ‘রাজা ও রাজদ্রোহী’, ‘একজন কিশোর মুক্তিযোদ্ধা’, ‘বীরাঙ্গনার গল্প’, ‘অমল’, ‘পেটে ও পিঠে’, ‘জঙ্গিবাদ নিপাত যাক’ ও ‘রাজার অসুখ’।