বছরের প্রথম বিদেশ সফরে চিরকুট

নতুন বছরের প্রথম বিদেশ সফরের জন্য দেশ ছাড়ছে গানের দল চিরকুট। আজ বুধবার সন্ধ্যায় জেট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে ব্যান্ডের সদস্যরা ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ‘উত্তরবঙ্গ উৎসব’-এর সমাপনী দিন গান গাইবে বাংলাদেশের জনপ্রিয় এই গানের দল।
গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও উত্তরবঙ্গ উৎসবে গান গাইতে যাচ্ছে ‘চিরকুট’। শিলিগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের পর এবারের উত্তরবঙ্গ উৎসবের আসর বসেছে ভারতের জলপাইগুড়ি।
সাত দিনের এই উৎসবের সমাপনী দিন ২৮ জানুয়ারি মঞ্চে উঠবে চিরকুট। ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী বলেন, ‘গত পাঁচ বছরে আমরা শুধু ভারতেই ১০টির বেশি শো করেছি। সেখানে আমাদের শ্রোতাগোষ্ঠী তৈরি হয়েছে। এই বিষয়টা ভাবতেই আমাদের আনন্দ দেয়। নতুন বছরে প্রথম শোতে গান গাইতে প্রতিবেশী দেশ ভারতে যাচ্ছি। শুনেছি, উৎসবে ভারতের জনপ্রিয় শিল্পী ও গানের দল অংশ নিয়েছে। দেশের বাইরের গানের দল ও শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার ব্যাপারটা বেশ উপভোগ্যই হবে বলে মনে করছি।’
উৎসবে গানের দল চিরকুট নিজেদের গাওয়া জনপ্রিয় গানের পাশাপাশি বাংলাদেশের লোকগান পরিবেশন করবেন বলেও জানান সুমী। আর এ জন্য নিজেদের সেভাবে প্রস্তুতও করেছেন তাঁরা।
সুমী ছাড়া চিরকুট ব্যান্ডের অন্য সদস্যরা হলেন পাভেল আরীন, ইমন চৌধুরী, দিদার হাসান ও জাহিদ নীরব। উত্তরবঙ্গ উৎসবে গান শেষে চিরকুট ব্যান্ডের সদস্যরা দার্জিলিং ঘুরতে যাবেন। পুরো দলটি ঢাকায় ফিরবেন আগামী ৩ ফেব্রুয়ারি।