বড়দিনের জন্য তিন গান

‘শোন মোর এ গান প্রভু হে’, ‘আনন্দ বিরাজিছে এই মন মন্দিরে’ এবং ‘এই নতুন শুভদিনে’— শুভ বড়দিন উপলক্ষে এই গান তিনটি লিখেছেন দেবলীনা সুর। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। গান তিনটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর , অনিন্দিতা চৌধুরী ও অণিমা মুক্তি গোমেজ।
এরই মধ্যে মাছরাঙা টিভির ‘আজ বড় দিন’ অনুষ্ঠানের জন্য গান তিনটি গাওয়া হয়েছে। গানের দৃশ্যধারণের কাজও শেষ। ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাত ৪০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ডেভিড প্রণব দাস। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘একাত্তরের যিশু’ ছবির প্রযোজক তিনি।
গান প্রসঙ্গে দেবলীনা সুর বলেছেন, ‘খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আমি গান তিনটি লিখেছি। আমার বিশ্বাস, বড়দিনের উৎসবে গানগুলো সবার ভালো লাগবে।’
বড়দিনের জন্য গানগুলো তৈরির ব্যাপারে সার্বিক তত্ত্বাবধান করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানওয়ালা’।