বদলে গেল কুমার বিশ্বজিতের অ্যালবামের নাম

বদলে গেল জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের নতুন অ্যালবামের নাম। তাই ভক্তদের কাছ থেকে পাওয়া নামটিও পরিবর্তন করতে হয়েছে তাঁর। সে হিসেবে বিশ্বজিতের নতুন অ্যালবামের নাম ‘সারাংশে তুমি’। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ নিজে।
আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কুমার বিশ্বজিতের ‘সারাংশে তুমি’ অ্যালবামের ডিজিটাল প্রকাশনা অনুষ্ঠান করা হবে। সেদিন উপস্থিত দর্শকের সামনে একক সংগীত পরিবেশনায়ও অংশ নেবেন তিনি।
কিছুদিন আগে নতুন অ্যালবামের জন্য নাম আহ্বান করে ফেসবুকে একটি ভিডিওবার্তা আপলোড করেন কুমার বিশ্বজিৎ। এই ভিডিও বার্তার অভাবনীয় সাড়া পেয়ে যান তিনি। আর সেখান থেকেই বাছাই করে নতুন অ্যালবামটির নাম রাখা হয়েছিল ‘প্রেমান্ত’। শুরুতে অবশ্য অ্যালবামের নাম ছিল ‘বসন্তের বন্যা’।
‘সারাংশে তুমি’ নাম প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ প্রথম আলোকে বলেন, ‘সংগীতাঙ্গনের পরিচিতজনদের অনেকে আগের নামটি পছন্দ করেননি। তাঁরা জানান, গানের যে ধরণ তার সঙ্গে অ্যালবামের নামটি মানানসই নয়। তাঁদের সকলের মতামত আমলে নিই। এরপর অনেকে ‘সারাংশে তুমি’ নামটি প্রস্তাব করেন। মনে হলো, এটাই সবচেয়ে বেশি মানানসই।’
কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, ‘সারাংশে তুমি’ অ্যালবামটিতে গান রয়েছে মোট আটটি। সবগুলো গানই দ্বৈতকণ্ঠের। এসব গানে কুমার বিশ্বজিতের সহশিল্পীরা হলেন সামিনা চৌধুরী, ন্যান্সি ও কলকাতার শুভমিতা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সব কটি গানের সুর ও সংগীতায়োজন করছেন কুমার বিশ্বজিৎ নিজেই।
দ্বৈত গানের এই অ্যালবাম প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, ‘আমরা যখন দেশে কিংবা দেশের বাইরে গান গাইতে যাই, তখন দ্বৈত গান নিয়ে একটি অন্য রকম আগ্রহ দেখতে পাই। চলচ্চিত্রের গান ছাড়া সেই অর্থে আমার কোনো দ্বৈত গান নেই। তাই মনে হলো, একটি দ্বৈত গানের অ্যালবাম করলে মন্দ হয় না।’
‘সারাংশে তুমি’ ছাড়াও ভালোবাসা দিবসে আরও তিনটি মিশ্র অ্যালবামে থাকছে কুমার বিশ্বজিতের গান।