বনানীতে পারভেজের 'ভর্তা ভাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারভেজ
পারভেজ

সংগীতশিল্পী পারভেজের ‘ভর্তা ভাত রেস্তোরাঁ’র নতুন শাখা খোলা হচ্ছে রাজধানীর বনানীতে। নতুন শাখার ঠিকানা হলো— বনানীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ১০৭ নম্বর বাড়ি। আজ রোববার সন্ধ্যায় শোবিজ অঙ্গনের কয়েকজন তারকাকে নিয়ে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পারভেজ। এ সময় ‘ভর্তা ভাত’-এর স্বাদ গ্রহণ করার পাশাপাশি রেস্তোরাঁটির জন্য শুভকামনা জানাবেন উপস্থিত সবাই। সঙ্গে থাকবেন পারভেজের ব্যবসায়িক অংশীদারেরাও।

সুফি ঘরানার গায়ক পারভেজ বন্ধুমহলে ভোজনরসিক হিসেবেও পরিচিত। আর তাই তো যুক্ত হয়েছেন এই ব্যবসায়ের জন্য। পারভেজ বলেন, ‘মগবাজার, মতিঝিল, পান্থপথ ও মালিবাগে ভর্তা ভাত রেস্তোরাঁর শাখা রয়েছে। এই শাখাগুলোতে বেশ আগ্রহ নিয়ে মানুষ খেতে আসেন। যাওয়ার সময় প্রশংসা করেন। এরই ধারাবাহিকতায় বনানীতে নতুন শাখা খোলা হচ্ছে। এখানে সবাই ঘরোয়া পরিবেশে তৃপ্তি সহকারে খেতে পারবেন।’

পারভেজ আরও বলেন, ‘আমি মূলত সুফি ঘরানার গায়ক, কাজ করি বাংলার ঐতিহ্যবাহী সংগীত নিয়ে। খাবারেও সেটা ধরে রাখার চেষ্টা করেছি। নিজস্ব ঐতিহ্যকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ভাতের সঙ্গে নানা রকম ভর্তাসহ ঐতিহ্যবাহী খাবারগুলো আমরা পরিবেশন করি।’

নতুন গানে কণ্ঠদান আর স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই গায়ক।