বন্ডে ফিরছেন ক্রেইগ

ড্যানিয়েল ক্রেইগ একসময় বলেছিলেন, নিজ হাতের কবজি কেটে ফেলবেন তিনি, তবু আর বন্ড চরিত্রে অভিনয় করবেন না। তবে সময়ের পরিক্রমায় তা ভুলেও গেছেন, বারবার প্রকাশ করেছেন চরিত্রটির প্রতি তাঁর ভালোবাসার কথা। প্রযোজক-পরিচালকেরাও বারবার চেয়েছেন ক্রেইগ যেন বন্ড হন। তাই হয়তো তাঁর পঞ্চম ‘বন্ড’ ছবিটি করতে রাজি হয়েছেন ক্রেইগ। ২৫তম ‘জেমস বন্ড’ চরিত্রে ড্যানিয়েল ক্রেইগ অভিনয় করবেন বলে ঘোষণা দেন ছবির প্রযোজক বারবারা ব্রকলি। এমনকি গ্র্যামিজয়ী অ্যাডেলও নাকি ছবির মূল গানটি গাইবেন। অথচ অ্যাডেল ভুগছেন কণ্ঠনালির সমস্যায়। তাই তাঁর সুস্থ হওয়ার অপেক্ষায় আছেন বারবারা।
সে যা–ই হোক, ২০১২ সালে মুক্তি পাওয়া বন্ড সিরিজের ছবি স্কাইফল-এ কিন্তু ক্রেইগ বন্ড হয়েছিলেন আর অ্যাডেল গেয়েছিলেন ছবির মূল গান। বন্ড সিরিজের ২৫তম ছবিতে আবারও একসঙ্গে ফিরছেন ক্রেইগ ও অ্যাডেল। তাঁদের কাজ স্কাইফলকে নিয়ে গিয়েছিল সফলতার শীর্ষে। সে বছর সেরা ব্রিটিশ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ক্রেইগ, অ্যাডেল তো ঝুলিতেই ভরেছিলেন অস্কার। বন্ড সিরিজের ছবিগুলোর মধ্যে স্কাইফল-এর আয় ছিল সর্বোচ্চ। দেখা যাক, নতুন ছবিতে তাঁরা কী চমক দেখান। সূত্র: মিরর