বন্ধু নিয়ে গাইলেন হৃদয়

শেষ একক অ্যালবাম ভালো লাগে নার পর নতুন কোনো অ্যালবামের কাজ এখনো শুরু করেননি হৃদয় খান। তবে এ সময়টায় চলচ্চিত্রের গান নিয়েই ব্যস্ততা তাঁর। ফাঁকে এবার একটি ধারাবাহিক নাটকের সূচনা সংগীতও গাইলেন তিনি। মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত দোস্ত দুশমন ধারাবাহিকে বন্ধুদের নিয়ে লেখা এ গানে কণ্ঠ দিলেন হৃদয়। গানটির সুর ও সংগীতায়োজনও তাঁর নিজের।
গানটির শিরোনাম ‘মনে মনে স্বপ্ন আঁকি’। এ গান নিয়ে হৃদয় বলেন, ‘গানে উঠে এসেছে বন্ধু আর বন্ধুত্বের কথা। তাই অন্য রকম একটা আবেগ কাজ করেছে এটি তৈরির সময়।’ দোস্ত দুশমন নাটকের জন্য গানটি লিখেছেন জনি হক।
জানা গেছে, আগামী মাসের শেষ সপ্তাহ থেকে মাছরাঙা টেলিভিশনে দোস্ত দুশমন ধারাবাহিকের প্রচার শুরু হবে। সেখানেই নিয়মিত শোনা যাবে হৃদয়ের গানটি।
এদিকে হৃদয় খান এরই মধ্যে সুইটহার্ট ছবির জন্য দুটি ও এক পৃথিবী প্রেম ছবিটির জন্য একটি গানের কাজ শেষ করলেন বলে জানান তিনি।