বন্যাকে চমকে দিলেন প্রধানমন্ত্রী
রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্য আজকের সকাল ছিল চমকে ভরা। নিজের জন্মদিনে চ্যানেল আইয়ের গানে গানে সকাল শুরু অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন তিনি। এ সময় দর্শকের সরাসরি টেলিফোন ধরতেই ওপার থেকে ভেসে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ। বঙ্গবন্ধুকন্যার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত বন্যা।
টেলিফোনে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্যা। তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকুক, সেটাই আমি চাই। যুগ যুগ ধরে তুমি, তোমার এই সুরেলা কণ্ঠ বাংলাদেশের মানুষের হৃদয়কে আরও জাগ্রত করুক। আরও সুন্দরভাবে তুমি গান গেয়ে যাও। দীর্ঘজীবী হও। আমার দোয়া সব সময় তোমার জন্য থাকবে।’
জবাবে বন্যা বলেন, ‘আপা, রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ে গেল,“হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত”। আজকের সকালে হঠাৎ আলোর ঝলকানির মতো আপনার ফোন আমার জন্য সেরা উপহার। আপনি যে ফোন করে দোয়া করলেন, এটাই আমার বড় পাওয়া।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমি সব সময় তোমার গানের ভক্ত, সেটা তুমি জানো। তোমার জীবন আরও সুন্দর হোক, সফল হোক—সেটাই আমি চাই।’
বন্যার জন্মদিনে প্রধানমন্ত্রী শুধু নিজেই শুভেচ্ছা জানাননি, শুভেচ্ছা জানাতে ফোন বাড়িয়ে দিয়েছিলেন ছোটবোন শেখ রেহানার কাছেও।
শেখ রেহানা টেলিফোনে বন্যাকে বলেন, ‘শুভ জন্মদিন বন্যা আপা। আপনার জন্য আমরা গর্বিত। আপনার জীবনটা খুব সুন্দর হোক। আপনার গান আমাদের ক্লান্তি, বিষণ্নতা সব ভুলিয়ে আমাদের মনকে আনন্দিত করে তোলে। সারাটা দিন খুব ভালো যায়।’
প্রসঙ্গত, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা রাজধানীর ধানমন্ডিতে একই স্কুলে পড়তেন।
শেখ রেহানাকে বন্যা আরও বলেন, ‘কখনো কখনো জন্মদিনের উপহার এমন হয় যে তখন সবকিছু গুলিয়ে যায়। আজকে তোমাদের ফোন আমার জন্মদিনের জন্য অন্য রকম উপহার হয়ে থাকল। তোমরা যে অনুষ্ঠানটা দেখছ, এটাই আমার জন্য অনেক বিশাল ব্যাপার। তার পরও আবার ফোন করে শুভকামনা জানানোর ব্যাপারটিতে আমি কীভাবে ধন্যবাদ জানাব জানি না।’
প্রধানমন্ত্রী ও শেখ রেহানা ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, লেখক সৈয়দ শামসুল হক, কবি আসাদ চৌধুরী, শিল্পী হাশেম খানসহ অনেকে অনুষ্ঠানে ফোন করে বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান অনুষ্ঠানটির প্রযোজক আমীরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর উপহার
জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে টেলিফোন করে শুভেচ্ছা জানানোর পর তার বাসায় উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা । একথা জানিয়েছেন প্রধান মন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম ।