বন্যাকে পায়েস খাওয়াতে চেয়েছেন মমতা


বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার দুপুরে রেজওয়ানা চৌধুরী বন্যাকে মুঠোফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি এখন ঢাকায়, কলকাতায় থাকলে আমি নিজের হাতে পায়েস রেঁধে খাওয়াতাম।’ তিনি আরও বলেন, ‘আপনি সুস্থ থাকুন। আমরা আপনার কাছ থেকে আরও গান শুনতে চাই।’
মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান রেজওয়ানা চৌধুরী বন্যা।
পরে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে আমি খুবই অবাক হয়েছি। তাঁর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে আমার কথা হয়েছে। ভাবতে পারিনি, তিনি ফোন করে আমাকে শুভেচ্ছা জানাবেন।’
গতকাল ছিল রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। দিনটি ব্যস্ততার মধ্যে কেটেছে তাঁর। সকালে চ্যানেল আইয়ের ছাতিম তলায় আয়োজিত ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার গানের সঙ্গে আবৃত্তি করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সঙ্গে ছিলেন সুরের ধারার শিল্পীরা। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, শিল্পী সাদি মহম্মদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নিয়ে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ছোট কাকু ক্লাবের উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী বন্যা ও অতিথিরা। পর্বটি আয়োজন করে ‘ছোট কাকু ক্লাব’।
বিকেলে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সুরের ধারা আয়োজন করে পৌষ মেলা। সন্ধ্যায় এই মেলার মঞ্চে রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উদ্যাপন করা হয়।