বন্যায় ডুবেছে রাহমানের স্টুডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রাহমান
এ আর রাহমান

ভারতের চেন্নাইয়ের বন্যা বিপর্যয়ের একজন ভুক্তভোগী অস্কারজয়ী সংগীতপরিচালক এ আর রাহমান। চেন্নাইয়ের এই বন্যা বিপর্যয় প্রসঙ্গে এ আর রাহমান জানিয়েছেন, তাঁর বাসা এবং স্টুডিওতেও পানি জমে গেছে এবং প্রতি ১৫ মিনিট পর পর পানি সেচে বের করতে হচ্ছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চেন্নাই। এই শহরের প্রায় ৭০ ভাগ এলাকাই পানিতে তলিয়ে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ৩০ লাখেরও বেশি মানুষ বন্যাকবলিত হয়েছে। গত আট দিন থেকে চেন্নাই শহরটি যেন পরিণত হয়েছে এক ভাসমান নগরীতে। অবস্থা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্থানীয় সরকারও। স্বেচ্ছাসেবক সংগঠনসহ সকল শ্রেণির মানুষ যে যার মতো এগিয়ে এসেছেন। অনলাইনে অফলাইনে ত্রাণ এবং সাহায্য সংগ্রহ করা হচ্ছে।

চেন্নাইয়ের এই বন্যা বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছেন দক্ষিণের বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা। বন্যার্তদের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন অস্কারজয়ী সংগীতপরিচালক এ আর রাহমানও। চেন্নাইয়ের বন্যার্তদের সহায়তায় ত্রাণ তহবিলে এ আর রাহমান ২৫ লাখ রুপি সহায়তা করেছেন।

বন্যার্তদের প্রসঙ্গে এ আর রাহমান জানিয়েছেন, চেন্নাইবাসীদের দুর্দশায় তিনি নিজেও ব্যথিত। এ আর রাহমান ছাড়াও সেখানকার রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি চলচ্চিত্র তারকারাও যে যার মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, সেই শৈশবেই এ আর রাহমানের সংগীতপ্রতিভা নজর কেড়েছিল সবার। বলিউডে ‘রোজা’ ছবির মাধ্যমে তাঁর পথ চলার শুরু হয়েছিল। ‘রোজা’ ছবি থেকে সংগীতের এই দীর্ঘ পথ চলায় ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির কল্যাণে তাঁর হাতে উঠে এসেছিল অস্কার। ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির সংগীতের জন্য অস্কার জয় ছিল এ আর রাহমানের জন্য এক আন্তর্জাতিক স্বীকৃতি।


সংগীতকার এ আর রাহমানের ব্যক্তিজীবনও তাঁর সংগীতের মতোই বর্ণাঢ্য। এই নন্দিত সংগীতকারকে নিয়ে ‘জয় হো’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া। এনডিটিভি।