বরফ মানবের সঙ্গে সুইফটের বড়দিন

সংগীতশিল্পী টেইলর সুইফট তাঁর বড়দিনের ছুটির সময়টা এবার দারুণ আনন্দ করেই কাটিয়েছেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দিব্যি বোঝা যায়। পরিবার এবং প্রেমিকের পাশাপাশি সুইফট এবার বড়দিন কাটালেন এক বরফ মানবের সঙ্গে। সেই বরফ মানবের ছবি আবার ইনস্টাগ্রামে পোস্টও করেছেন এই সংগীতশিল্পী।
সব কাজ থেকে ছুটি নিয়ে টেইলর সুইফট তাঁর বাবা-মা ও ভাইয়ের সঙ্গে বড়দিন উদ্যাপন করতে উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ভাইল শহরে। দারুণ তুষারপাত আর হিম ঠান্ডার মধ্যে টেইল উদ্যাপন করেছেন তাঁর এবারের বড়দিন বা ‘ক্রিসমাস’।

ভাইল শহরে আগেই থেকেই অবস্থান করছিল সুইফটের পরিবার। আর এদিকে, টেইলর সুইফটের সঙ্গে গিয়েছিলেন তাঁর প্রেমিক কেলভিন হ্যারিসও। তাই বোঝাই যাচ্ছে একেবারে সোনায় সোহাগা ছিল সুইফটের বড়দিন।
এবার আসা যাক সুইফটের ‘বরফ মানব’ প্রসঙ্গে। তুষারপাতের কারণে পুরো ভাইল শহর যখন শ্বেতশুভ্র হয়ে উঠেছিল। তখন ছোট ভাই অস্টিন সুইফট ও প্রেমিক কেলভিনকে নিয়ে সুইফট বেরিয়ে পড়েছিলেন বরফ পাহাড়ে পায়চারি করতে। তখনই খেলায় খেলায় তাঁরা বানিয়ে ফেলেন এক ‘বরফ মানব’। সেই বরফ মানবের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সুইফট লিখেছেন, ‘তাকে তৈরি করার পর নিজেদের ওপর দারুণ গর্ব হচ্ছে!’ ইটি অনলাইন।