বসন্তের জন্য শোকগাথা

মৃদু হাওয়ায় ভেসে পাতারা যে ছন্দে ঝরে পড়ে, সুরটা অনেকটাই সে রকম। পিয়ানোর রিডগুলোর ওপর সেভাবেই ভাসছিল কোরিয়ান তরুণীর আঙুলগুলো। আসনে বসে সেই সুরে ভাসছিলেন ফরাসি ভাষাভাষী অনেক মানুষ। ছিলেন বেশ কজন বাঙালি বিশিষ্ট জন। আগে থেকে আসনের ওপর রাখা তালিকায় চোখ রেখে তাঁরা জেনে নেন, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পিয়ানিস্ট ইয়ুরুমার ‘এলিজি’ বাজছে কোরিয়ান শিল্পীর আঙুলে। এ যেন বিদায়ী বসন্তের জন্য শোকগাথা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একত্র হয়েছিলেন ঢাকায় ফ্র্যাঙ্কোফনি বা ফরাসি ভাষায় কথা বলা দেশগুলোর রাষ্ট্রদূতেরা। একসঙ্গে বসে যন্ত্রসংগীতে বুঁদ হয়ে আড্ডা দিতে গুলশানের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি এনিক বোগদা। বসার আসনগুলো ভরে উঠলে মাইক্রোফোন টেনে নিয়ে ইংরেজিতে বললেন, ‘বেশিক্ষণ বসিয়ে রাখতে চাই না। আপনাদের সামনে পরিবেশনার জন্য শিল্পীরা অপেক্ষা করে আছেন।’ ঘোষণার পর শিল্পীরাও গিয়ে বসেন নিজেদের সুরযন্ত্রের সামনে রাখা আসনে। কোরিয়ার ন্যাঙ্গি কিন হাত রাখেন পিয়ানোতে, বেজে ওঠে ডিভোসাকের ‘হিউমোর্সকিউ’, খ্যাতিমান সুরস্রষ্টা বেটোভেনের ‘মুনলাইট সোনাটা ১৪ ’। সেই সুরে ভর করে ঘরময় ছড়িয়ে পড়েন বেটোভেন।
প্রতিবছর ২০ মার্চ সারা পৃথিবীর ফ্রাঙ্কোফোনি দেশগুলো উদযাপন করে ফ্রাঙ্কোফোনি দিবস। সেসব দেশের যাঁরা ঢাকায় থাকেন, দিবসটির উৎসবে যোগ দিতে নিজ নিজ দেশে থাকতে পারেননি তাঁরা। তাতে কী? বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারির আমন্ত্রণে এসে শুভেচ্ছা বিনিময় করেছেন তাঁরা। বাংলাদেশে কাজ করা অন্য দেশের মিশনগুলোর বিদেশিরাও এসেছিলেন। আড্ডার পাশাপাশি তাঁরা উপভোগ করেছেন যন্ত্রসংগীত। সাধারণত সুর-বাদ্যে ফ্রাঙ্কোফোনি উৎসব পালন করে থাকে ফরাসিভাষী দেশগুলো। প্রতিবছর ঢাকায়ও থাকে নানা আয়োজন। নানা কারণে এ বছর সেই আয়োজন করা হয়নি। তবে নিজেরা একত্র হয়েছেন। ঘরোয়া এ পুনর্মিলনীতে পিয়ানো পরিবেশনের পাশাপাশি কোরিয়ান ভাষায় দুটি গানও গেয়ে শোনান ন্যাঙ্গি কিন। চেলোতে যন্ত্রসংগীত পরিবেশন করেছেন বাংলাদেশের ফিলিপ হাজরা। তিনি বাজিয়ে শোনান জে এস বাকের ‘সুট নম্বর ১ ’, ‘প্রিলিউড’, ‘স্যারাব্যন্ড’, ‘গিগ’, ‘সপরানো’। এ ছাড়া তিনি বাজিয়ে শোনান ফরাসি সুরস্রষ্টা জি ফাওরি ও এম মন্নতের একটি করে সুর। গত দিনের পুনর্মিলনীতে এসেছিলেন কানাডীয় হাইকমিশনার, মরক্কোর রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন ঢাকায় ফরাসি সংস্কৃতি চর্চাকেন্দ্র অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।
এ আসরে ছিল চেলো ও পিয়ানোর দ্বৈত পরিবেশনা। দুই শিল্পী একসঙ্গে চেলো-পিয়ানোয় বাজিয়ে শোনান বিটোভেনের ‘মিনিউয়েট’, ম্যাসেনেন্টের ‘থাইস মেডিটেশন’, চার্লিস গুনদের ‘আভে মারিয়া’, রবার্ট চিউমানের ‘ট্রায়মেরাই’, বাকের ‘আরিওসো’। সব শেষে মরিস জারের ‘লারাস থিম’ ও এডওয়ার্ড এলহারের একটি সুরবন্ধ বাজিয়ে আসর শেষ করেন তাঁরা।
পৃথিবীর প্রায় ৩৬৯ মিলিয়ন মানুষ কথা বলেন ফরাসি ভাষায়। এ ছাড়া এটি ৩২টি দেশের রাষ্ট্রভাষা। ঢাকায় অবস্থানরত ফ্রাঙ্কোফোনি মিশনগুলো হচ্ছে কানাডা, মিসর, ফ্রান্স, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড ও ভিয়েতনাম।