বহু বছর পর গানে ফিরলেন সানবীম

বহু বছর পর আবারও গান গাইলেন একসময়ের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক সানবীম। বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’–এর জন্য গাইলেন এই শিল্পী। গানটিতে তাঁর সহশিল্পী কোনাল। সুজন আরিফের সুর ও সংগীতায়োজনে এই গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর। সম্প্রতি বিটিভির স্টুডিওতে গানটির দৃশ্যধারণ করা হয়।
বছর দু-এক আগে বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে ক্রিকেটের একটি গানে কণ্ঠ দেন এই শিল্পী। সেটিকে ফেরা বলতে চাইছেন না। এবার তিনি গানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কয়েকটি গান নিয়েও ভাবছেন। সেই হিসেবে ‘পরিবর্তন’ অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে বলে জানান সানবীম।
সানবীম বলেন, ‘চাকরি নিয়ে ব্যস্ত থাকলেও গান থেকে দূরে থাকা সম্ভব নয়। হয়তো পেশাদারিভাবে গান করা হয়নি। লম্বা বিরতির পর সেদিন আনজাম মাসুদ ভাইর আহ্বানে গানটা গান গাইলাম। জানি না, শ্রোতাদের কেমন লাগবে। তবে আমার কাছে মনে হয়েছে এই গানটির মাধ্যমে আবার শুরুতে ফিরে গেছি। সেই এক যুগ আগের আমিতে।’
২০০৩ সালে রিমিক্স অ্যালবাম ‘চুমকি ওয়ান’ কিংবদন্তি শিল্পীদের গাওয়া পাঁচটি গান গেয়ে আলোচনায় আসেন সানবীম। ওই অ্যালবামে সানবীম নতুন করে গেয়েছিলেন ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘সুখে থাকো ও আমার নন্দিনী’ এবং ‘আমি তোমারই প্রেম ভিখারি’। একই বছরে ‘একলা প্রহর’ নামে প্রথম একক গানের অ্যালবাম প্রকাশ করেন তিনি। তিন বছর পর ২০০৬ সালে প্রকাশ করেন ‘হাজার দুয়ারি মন’ নামের দ্বিতীয় একক অ্যালবাম। ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪০টির মতো মিশ্র অ্যালবামেও গান করেন তিনি। এরপর ১০ বছর ধরে তিনি গান থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। ব্যস্ত ছিলেন চাকরি ও পরিবার নিয়ে।
জানা গেছে, আজ রোববার রাত সাড়ে দশটায় বিটিভির সংবাদের পর ‘পরিবর্তন’–এর এই পর্বটি সম্প্রচার হবে। সানবীম-কোনাল ছাড়া আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন বেলী আফরোজ। মাদ্রাজি ধাঁচের গান গেয়েছেন শাহিনা হক। গান ছাড়াও অনুষ্ঠানে লিখন রায়ের পরিচালনায় একটি লোকনৃত্য পরিবেশন করেছেন লিখন, তিনা ও সহশিল্পীরা। মিলনায়তনের দর্শকদের মধ্য থেকে নির্বাচিত তিনজন দর্শককে নিয়ে রয়েছে একটি মজার দর্শক প্রতিযোগিতা পর্ব।
ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’–এর গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় ছিলেন আনজাম মাসুদ। আর প্রযোজনা করেছেন সারওয়ার মিয়া।