বহু সংস্কৃতির অনুপ্রেরণা রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ লর্ড সভার সদস্য পলা মঞ্জিলা ও সীমা মালহোত্রা পদক তুলে দিচ্ছেন রুনা লায়লার হাতে
ব্রিটিশ লর্ড সভার সদস্য পলা মঞ্জিলা ও সীমা মালহোত্রা পদক তুলে দিচ্ছেন রুনা লায়লার হাতে

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী রুবাইয়াত জাহান ও পাকিস্তানি বংশোদ্ভূত শিল্পী রাজা কােশফ দ্বৈতকণ্ঠে দুটি গান গেয়েছেন। এর একটি বাংলা, অন্যটি ইংরেজি, হিন্দি ও উর্দুর ফিউশন। গান দুটির উদ্বোধনের (লঞ্চিং) জন্য আয়োজিত অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি সীমা মালহোত্রা। এই অনুষ্ঠানে গান দুটির উদ্বোধন করেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটি রুমে আয়োজন করা হয় ‘মডার্ন ব্রিটিশ কালচার’ শীর্ষক অনুষ্ঠানটি। লেবার পার্টির এমপি সীমা মালহোত্রা বলেন, ‘আজকের যে বহু সংস্কৃতির যুক্তরাজ্য, তার অনুপ্রেরণা রুনা লায়লার মতো শিল্পীরা। সুর ও সংগীতের সুতোয় রুনা লায়লা ভিন্ন ভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষকে এক মালায় গেঁথেছেন। ১৭টি ভিন্ন ভাষায় গান গেয়ে তিনি হয়ে উঠেছেন বহু সংস্কৃতির অন্যতম অনুপ্রেরণা।’
সংগীতজীবনের ৫০ বছর পূর্তির জন্য অনুষ্ঠানে রুনা লায়লাকেও সম্মাননা জানানো হয়। ব্রিটিশ লর্ড সভার সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত পলা মঞ্জিলা ও সীমা মালহোত্রা তাঁর হাতে একটি স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে দিলু নাসেরের লেখা ও রুবাইয়াত জাহানের সুর করা ‘ও আমার দেশ’ এবং রাজা কােশফের ‘জাভিদা’ গান দুটির ভিডিও দেখানো হয়। ভিডিও দুটি তৈরি করেছেন যুক্তরাজ্যপ্রবাসী মিনহাজ কিবরিয়া। অনুষ্ঠানে মিনহাজ পরিচালিত সুরিনগর নামে একটি বাংলা ছবির ট্রেলারও দেখানো হয়।