বহুদিন পর গানে ফিরছেন মুজিব পরদেশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ডিংয়ের পর স্টুডিওতে অর্ণব, মুজিব পরদেশী ও মোস্তফা সরয়ার ফারুকী
রেকর্ডিংয়ের পর স্টুডিওতে অর্ণব, মুজিব পরদেশী ও মোস্তফা সরয়ার ফারুকী

অনেক বছর পর আবারও গানে ফিরছেন মুজিব পরদেশী। গতকাল রোববার সন্ধ্যায় নিকেতনে অর্ণবের স্টুডিওতে তিনি কণ্ঠ দিয়েছেন নিজের জনপ্রিয় হওয়া ‘কলমে নাই কালি’ গানটিতে। তবে, পুরো গানটি নয়, এ গানের স্থায়ী অংশটি ঠিক রেখে বাকি দুটি অন্তরা নতুন করে লিখেছেন মুজিব পরদেশী। গানের সংগীতায়োজন করেছেন অর্ণব।

গানটি রেকর্ড করার পর অর্ণব বলেন, ‘এখন বাদ্যযন্ত্রের আধিক্যের কারণে শিল্পীদের কণ্ঠের কারুকাজ তেমন পাওয়া যায় না। যেহেতু প্রয়োজন হয় না, তাই কেউ তা চর্চাও করেন না। কিন্তু মুজিব পরদেশীর কণ্ঠে এখনো সেই কারুকাজ আছে। তিনি যে অনেক বছর গান করেননি, তা কেউ বুঝতেই পারবেন না।’

মুজিব পরদেশী বললেন, ‘আমি জানি আমার গান খুব জনপ্রিয়, কিন্তু মধ্যবিত্ত তো আমাকে তাদের পাশে ঠাঁই দেয়নি। আমি গণমানুষের জন্য গান করেছি। সব সময় নিজেকে গণমানুষের শিল্পীই মনে করেছি। গান গেয়ে তেমন কোনো আয় আমার কখনোই হয়নি।’ তিনি বলেন, ‘অবশ্য যে মধ্যবিত্তের প্রতি আমার অভিমান, সেই মধ্যবিত্তেরই এক ছেলে আমাকে আজ ডেকে এনেছে। ভেবেছিলাম, মুজিব পরদেশীর গান বলে এখন আর কিছু নেই। কিন্তু এ সময়ের মানুষ আমাকে মনে রেখেছে, তাতেই আমি ধন্য হয়ে গেলাম।’

এক সময় দারুণ জনপ্রিয় ছিলেন মুজিব পরদেশী। জনপ্রিয় ছিল তাঁর গান। তাঁর গান শোনেননি, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ‘কলমে নাই কালি’, ‘আমি বন্দী কারাগারে’, ‘সাদা দিলে কাদা’, ‘তোমায় আমি হলেম অচেনা’ গানগুলো এখনো অনেককেই নস্টালজিক করবে। ফিরিয়ে নিয়ে যাবে তিন যুগ আগে।

মোস্তফা সরয়ার ফারুকী একটি পণ্যের বিজ্ঞাপনচিত্র তৈরি করছেন। এই বিজ্ঞাপনচিত্রে তিনি মুজিব পরদেশীর গানটি ব্যবহার করছেন।

ফারুকী বললেন, ‘কিছুদিন আগে মগবাজার সিগন্যালে গাড়িতে বসে আছি। তখন পাশ থেকে একটি চায়ের দোকানে মুজিব পরদেশীর গানটি শুনতে পাই। একসময় আমরা মুজিব পরদেশীর অসংখ্য গান শুনেছি। এরপর তাঁকে খুঁজতে থাকি। একসময় পেয়েও যাই। আশা করছি, দর্শক-শ্রোতারা অনেক বছর পর আবার মুজিব পরদেশীর গান শুনতে পাবেন বিজ্ঞাপনচিত্রটিতে।’


আগামী কয়েক দিনের মধ্যেই এই বিজ্ঞাপনচিত্রটি দেশের সব টিভি চ্যানেলে দেখানো হবে।