বহুদিন পর শাকিলা-তপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিলা জাফর ও তপন চৌধুরী
শাকিলা জাফর ও তপন চৌধুরী

শাকিলা জাফর ও তপন চৌধুরীর ‘তুমি আমার প্রথম সকাল’ গানটি শোনেননি এমন সংগীতপ্রেমী খুঁজে পাওয়া যাবে? নব্বই দশকজুড়ে লতিফুল ইসলাম শিবলীর লেখা ও আশিকুজ্জামান টুলুর সুরে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সংগীতাঙ্গনের জনপ্রিয় এই জুটি বহুদিন পর আবারও একত্রে অংশ নিলেন একটি অনুষ্ঠানে।
টেলিভিশনের এ অনুষ্ঠানে দুটি করে একক ও চারটি দ্বৈত গান গেয়েছেন তাঁরা। দ্বৈত গানগুলো হলো ‘যেখানে সীমান্ত’ নাটকের ‘ছোট গল্পের মতো’, ‘ঢাকা ৮৬’ ছবির ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘ফুলের কাছে গন্ধ যত আপন’ ও ‘তুমি আমার প্রথম সকাল’। একক কণ্ঠে তপন চৌধুরী গেয়েছেন ‘তুমি ক্যামনে এত নিঠুর হইলা’ ও ‘অনুশোচনা’ গানটি। শাকিলা একক কণ্ঠে গেয়েছেন তাঁর জনপ্রিয় গান ‘তুমি মিষ্টি করে দুষ্টু বলো’ ও ‘ভুলিতে পারি না তারে’।
শুক্রবার বিটিভির স্টুডিওতে অনুষ্ঠানের ধারণ কাজ সম্পন্ন হয়। সৈয়দ জামানের প্রযোজনায় ‘তুমি আমার প্রথম সকাল অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন গীতিকার কবির বকুল।
ঈদের তৃতীয় রাতে ‘তুমি আমার প্রথম সকাল’ অনুষ্ঠানটি বিটিভিতে দেখানো হতে পারে।