বাঁশি, তবলা ও সেতারে অনন্য পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তাজা রাগা ও রিদম’–এ বাজাচ্ছেন  সেতারশিল্পী এবাদুল হক
‘তাজা রাগা ও রিদম’–এ বাজাচ্ছেন সেতারশিল্পী এবাদুল হক

মন হরণ করা বাঁশির সুর, তবলার বোল কিংবা সেতারের সুমিষ্ট ধ্বনি ছড়ানো গত শুক্রবার সন্ধ্যার আয়োজনটির শিরোনাম ছিল ‘তাজা রাগা ও রিদম’। ছায়ানট ভবনে অনুষ্ঠিত এই উচ্চাঙ্গসংগীতসন্ধ্যার আয়োজন করে পেশকার কালচারাল ফোরাম।
অনুষ্ঠানের শুরুতে সেতারশিল্পী এবাদুল হক নিবিষ্ট মনে বাজিয়ে শোনান চঞ্চল প্রকৃতির সান্ধ্যকালীন রাগ চারুকেশী। সেতারে সুমধুর সুর ছড়িয়ে কিছুক্ষণের আলাপ পর্ব শেষে তবলায় সঙ্গত দিতে শুরু করেন মীর নাকিবুল ইসলাম। এরপর রাগ মারওয়াকে সঙ্গী করে মঞ্চে হাজির হন বংশীবাদক মতুর্জা কবীর মুরাদ। তাঁর সঙ্গে তবলায় সংগীত দেন স্বরূপ হোসেন।
শেষ পরিবেশনাটি ছিল অশোক পালের তবলাবাদন। অশোকের সঙ্গে নাগমায় সহযোগিতা করেন তরুণ শিল্পী আলমগীর পারভেজ সুমনা।
প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুভেচ্ছা বক্তব্য দেন সংগীতজ্ঞ আজাদ রহমান। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।