
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের চতুর্থ দিনে বাঁশির জাদুতে তিনি আবারও মুগ্ধ করলেন ঢাকার শ্রোতাদের। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
ছিলেন কুস্তিগির। বাঁশি বাদনের দিকে এলেন কীভাবে?
আমার বাবা ছিলেন কুস্তিগির। তিনি চাইতেন আমিও কুস্তিগির হই। কুস্তি আমার ভালো লাগত না।ছেলেবেলায় যখন কুস্তি লড়তাম, সেই সময় আমাদের বাড়ির পাশে বাঁশি বাজাতেন পণ্ডিত ভোলানাথ। তাঁর বাঁশি ভীষণ টানত আমাকে। একসময় তাঁর শিষ্য হলাম। ছেড়ে দিলাম কুস্তি। তখন থেকে বাঁশিই হয়ে উঠল আমার ধ্যানজ্ঞান।
উচ্চাঙ্গসংগীত উৎসবে আবারও আপনার বাদনে মুগ্ধ হলেন শ্রেতারা। আপনার অনুভূতি কেমন?
এককথায় বলতে গেলে আমার অনুভূতি অভাবনীয়! গতবারও আমি এ উৎসবে এসেছিলাম, তখনো ভালো লেগেছিল। আমি আবার আসতে চাই এখানে। এখন দর্শক-শ্রোতার কাছে আমার অনুরোধ, আগামীবার আমার বাঁশি শোনার সময় যাঁরা বাঁশি বাজান, তাঁরা তো বাঁশি নিয়ে আসবেনই; এমনকি যাঁরা বাঁশি বাজান না, তাঁরাও আসবেন বাঁশি নিয়ে।
ভারতীয় উচ্চাঙ্গসংগীতের ভবিষ্যৎ কী?
ভবিষ্যৎ খারাপ নয়। ব্যাপারটা কি জানেন, জায়গা কখনো খালি থাকে না, জায়গা পূরণ হয়ে যায়।
আপনার কয়েকটি ‘গুরুকুল’ আছে, যেখানে আপনি বাঁশি বাদন শেখান। ঢাকায় এসে কি শেখাবেন?
আপনারা যদি ব্যবস্থা করেন আমি অবশ্যই শেখাব। এ ক্ষেত্রে বেঙ্গল যদি আমাকে আমন্ত্রণ জানায়, আমি সানন্দে আসব।
বাঁশি বাদনের সময় দর্শকের সঙ্গে যোগাযোগ করেন কীভাবে?
আমি বাঁশি বাজাই না, প্রার্থনা করি। আমার প্রার্থনা যখন দর্শকের হৃদয় স্পর্শ করে, তখনই তাঁদের সঙ্গে যোগাযোগ তৈরি হয় আমার।
সাক্ষাৎকার: হারুন আল রশিদ