বাংলা গানেই অরিজিত ছুঁয়েছেন দর্শক হৃদয়

ঘড়ির কাঁটা রাত দশটা ছুঁই ছুঁই। মিনিট দশেকের বিরতি শেষে আবারও মঞ্চে এলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক অরিজিৎ সিং। দেড় ঘন্টা ধরে শুনিয়েছেন অনেকগুলো গান। বিরতির পর হঠাৎ শুরু করলেন ‘ভালো আছি ভালো থেকো/আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি। দর্শকেরা একটু নড়েচড়ে বসলেন।
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর এ গানটি এই শিল্পী গাইবেন, প্রত্যাশাই করেননি যেন কেউ। এত দিন বাংলাদেশের বিভিন্ন ক্লাব, পাঁচ তারকা হোটেল ও বিপণি বিতানের সামনে তৈরি মঞ্চে গান শুনিয়েছেন তিনি। এবারই প্রথম খোলা মাঠের মঞ্চে উঠলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। সেটাও ঢাকার সব থেকে মহিমান্বিত ভেন্যু। উপমহাদেশের স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতগুরুরা প্রতি বছর এই ভেন্যুতে বাজাতে আসেন।
শুধু একা নন, এদিন অরজিতকে যন্ত্রসংগীতে ৬০ জনের বেশি শিল্পী সঙ্গত করেছেন। গানের সঙ্গে এটাও কোন কোন সময়ে মুগ্ধতা আর বিস্ময়ের কারণ হয়েছিল। যেমন অরজিতের কণ্ঠ,তেমনি যন্ত্রসংগীতের ঐকতান। অনেকের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনোময় মনির মন্তব্যে পাওয়া গেল চিত্রটা, বলেন, ‘অনেক কষ্টে টিকিট জোগাড় করেছি, যানজট ঠেলে মাঠে এসেছি। গানতো ভালো লেগেছেই,সঙ্গে অর্কেস্ট্রার পরিবেশনা এক কথায় দুর্দান্ত।’ তিনি যোগ করলেন, শুনেছি এটা খুব ব্যয়বহুল অনুষ্ঠান। এ বিশাল অর্কেস্ট্রা দল দেখে বুঝলাম,কেন ব্যয়বহুল।
আগেরবার বাংলাদেশে এলে অর্ণবের ‘সে যে বসে আছে’ আর তপুর ‘এক পায়ে নূপুর’ গান দুটি শুনিয়েছিলেন অরিজিৎ। এবারও গাইলেন, সঙ্গে যুক্ত হলো হাবিবের ‘দ্বিধা’ ও জেমসের ‘ভিগি ভিগি’ গানটি। এ ছাড়া লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, হিমেশ রেশামিয়া, কে কে, কলকাতার ব্যান্ড মহীনের ঘোড়াগুলি এবং পাকিস্তানের আতিফ আসলামের গান গেয়ে মাতিয়ে রাখার চেষ্টা করেছেন অরিজিৎ। তারপরও কেন যেন ১৮০ মিনিটের এ অনুষ্ঠান সমানভাবে জমেনি। সে কথা স্বীকার করেছেন খোদ আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ির ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার।
তারকার চোখে
অভিনয়শিল্পী দম্পতি নাঈম ও নাদিয়া। অভিনয়ের পাশাপাশি নাঈম অবশ্য সময় পেলে গানও করেন। কনসার্ট নিয়ে তাঁর অভিমত অনেকটা এমন, ‘আমার দেশের শিল্পীরা যে কতটা উঁচুমানের সেই ব্যাপারটা অরিজিতের মতো শিল্পীর কণ্ঠে আমাদেরই গান শুনে নতুন করে উপলব্ধি হয়েছে।’
সংগীতশিল্পী কনা এ নিয়ে বলেন, ‘একজন মানুষ কী পরিমাণ রেওয়াজ করলে একটানা এতক্ষণ গাইতে পারেন, তার প্রমাণ অরিজিৎ। তবে গানের সঙ্গে উপস্থিত দর্শকদের ভাবের আদান-প্রদান থাকলে কনসার্ট আরও আকর্ষণীয় হতে পারত।’
অভিনয়শিল্পী রিচি সোলায়মান এসেছেন তাঁর ভাইকে সঙ্গে নিয়ে। কনসার্টের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বললেন, ‘আমার ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে অরিজিতের কণ্ঠে গাওয়া আমাদের দেশের শিল্পীদের গান।’
দর্শকদের চোখে
প্রবাসী মিজান আল রহমান জানান, ‘বলিউডের ফিল্মে অরিজিতের অনেক জনপ্রিয় গান আছে। এসব গান শুনেই তাঁর ভক্ত হয়েছি। তাই তাঁর কাছ থেকে প্রত্যাশার মাত্রা অনেক বেশি। কুয়েতেও আমি তাঁর কনসার্ট দেখেছি। কিন্তু সেখানে আমি আমার পছন্দের সেই অরিজিতকে খুঁজে পাইনি। এবারও তাই হয়েছে। তবে তাঁর কণ্ঠে বাংলাদেশি শিল্পীদের গানগুলো শুনতে ভালো লেগেছে।’
কনসার্ট শেষে পুরান ঢাকার বাসিন্দা নয়ন প্রথম আলোকে বললেন, ‘আমি খুব একটা সন্তুষ্ট হতে পারিনি। অরিজিৎ সিংয়ের কাছ থেকে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। তবে তাঁর কণ্ঠে বাংলাদেশের শিল্পীদের গান শুনতে পেরেছি এটাই আমার কনসার্টের আসার সবচেয়ে বড় প্রাপ্তি।’
ধানমন্ডি তিন নম্বর সড়ক থেকে মায়ের সঙ্গে নিয়ে এসেছে কলেজ পড়ুয়া ফাইজা তাবাসসুম। তিনি বললেন, ‘অরিজিতের সব গানই আমার ভালো লাগে। ইচ্ছা ছিল, তাঁর গান সরাসরি শুনব, শুনেছি। এর বেশি আর কিছু বলতে পারব না।’
ফেসবুকে হাবিব
এদিকে কনসার্টে অরিজিৎ সিং ‘দ্বিধা’ গানটি গাওয়ায় ফেসবুকে এ গানের সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ তাঁর ভালো লাগার কথা জানিয়েছেন। হাবিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘সত্যিই আমি সম্মানিত বোধ করছি অরিজিৎ সিং। আপনি দেখিয়েছেন, একজন সত্যিকারের শিল্পী-হৃদয় কতোটা বিনয়ী, উচ্চমন্যতা ও অহংবোধহীন হতে পারে। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
স্বপ্ন সার্থক হলো—বললেন শমী কায়সার
‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটায়। ঢাকার আর্মি স্টেডিয়ামের এই কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশনস। গানের ফাঁকে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার জানান, এই কনসার্টের জন্য তাঁর প্রতিষ্ঠান এক বছর ধরে স্বপ্ন দেখছিল। অবশেষে সেই স্বপ্ন সার্থক হয়েছে। আর এই স্বপ্নপূরণে তাঁদের সঙ্গে যাঁরাই ছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।